বাদ পড়া মাহমুদউল্লাহ এবার 'অধিনায়ক'

শ্রীলঙ্কায় শততম টেস্টে বাদ পড়ে বড় ধাক্কা খেয়েছিলেন মাহমুদউল্লাহ। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চাপের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরিতে নিজেকে আরেকবার চিনিয়েছিলেন। কয়েক মাস পর আবারও সেই একই অভিজ্ঞতা হলো মাহমুদউল্লাহর, দল থেকে বাদ!
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, ওয়ানডের সঙ্গে টেস্ট মেলানো যাবে না। ওয়ানডের পারফরম্যান্স দেখে তাই মাহমুদউল্লাহকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ দিতে রাজি নন নির্বাচকেরা। তবে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য একটা ‘সান্ত্বনা’ পুরস্কার রেখেছিলেন নির্বাচকেরা। ২২-২৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছিল মাহমুদউল্লাহকে। কিন্তু অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, ভেন্যু নিয়ে ঝামেলা হওয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা।
ম্যাচটা খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে থাকা আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হকও। ১৪ জনের এই দলে ছিলেন বেশির ভাগই জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা খেলোয়াড়। গত মাসে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো খেলা ইরফান শুক্কুর, সাইফউদ্দিন ও আবুল হাসানকেও রাখা হয়েছিল স্মিথদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত সবই ভেস্তে গেল স্মিথদের ‘প্রস্তুতি’ না নেওয়ার সিদ্ধান্তে।