বাদ সেই ম্যাক্সওয়েল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্মের সঙ্গে যুঝছেন বেশ কিছুদিন। তারপরও দল থেকে বাদ পড়ে যাবেন, সেটা হয়তো ভাবেননি। গত বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়া অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ভাবাই কঠিন! কিন্তু সেই ম্যাক্সওয়েলই এবার শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে দলে জায়গা পাননি।

ম্যাক্সওয়েলের পড়তি ফর্মকেই বাদ পড়ার কারণ দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শ, ‘আমরা জানি, গ্লেন অস্ট্রেলিয়ার জন্য একজন ম্যাচ উইনার। কিন্তু ওর এখনকার ফর্ম হিসেবে দলে নেওয়া কঠিন। গত ১০ ওয়ানডেতে ওর ব্যাটিং গড় ১০-এর কম। সংখ্যাই সবকিছু বলছে। আমরা গ্লেনকে বলেছি ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলায় মনোযোগ দিতে। সেখানে ভালো করলে সে আবার দলে জায়গা পেতে পারে।’

টেস্ট দল থেকে বেশ কয়েকবার বাদ পড়েছেন। তবে ২০১২ সালে অভিষেকের পর সীমিত ওভারের দলে এই প্রথম জায়গা পেলেন না ম্যাক্সওয়েল। আবার ফিরে আসার প্রতিজ্ঞাই শোনালেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার, ‘এটা মেনে নেওয়া কঠিন। এখন আমাকে টিভির সামনে বসেই অস্ট্রেলিয়াকে রঙিন পোশাকে খেলতে দেখতে হবে। তবে এখন আমি পরের সফরে থাকাটা নিশ্চিত করার জন্য অনুশীলনে আরও সময় দেওয়ার প্রেরণা পাচ্ছি।’

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ আগস্ট। রয়টার্স।