'বাদশা' বাবরের ইংরেজি শেখার দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবর আজমকে উর্দু চালিয়ে যাওয়ার পরামর্শ দিলের জাভেদ মিয়াঁদাদ। ফাইল ছবি
বাবর আজমকে উর্দু চালিয়ে যাওয়ার পরামর্শ দিলের জাভেদ মিয়াঁদাদ। ফাইল ছবি

অধিনায়কত্ব পাওয়ার পর থেকে নানা পরামর্শে পেতে পেতে বোধহয় ক্লান্ত বাবর আজম। সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ককে সাবেক তারকারা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সবচেয় অদ্ভুত পরামর্শটা বোধহয় ছিল তানভীর আহমেদ নামের এক অখ্যাত পাকিস্তানি সাবেক ক্রিকেটারের। তিনি বাবরকে ‘স্মার্ট’ হতে আর ইংরেজিতে চোস্ত হতে বলেছিলেন।

এই ইংরেজি শেখা নিয়ে অনেক খবরই এসেছে বাবরকে নিয়ে। একটা খবর পাওয়া গিয়েছিল তিনি নাকি সত্যিই সত্যিই ইংরেজি শেখার স্কুলে ভর্তি হয়েছিলেন। এবার উল্টো পরামর্শ সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদকে। ‘বাদশা’ বাবরকে উর্দু চালিয়ে যাওয়ারই বুদ্ধি দিয়েছেন তিনি।

ইউটিউব আসাতে দারুণ লাভ হয়েছে সবারই। তবে পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা ইউটিউবকে রীতিমতো আশীর্বাদ হিসেবেই পেয়েছেন। যাঁর যা ইচ্ছা, সেটাই তাঁরা বলে যাচ্ছেন ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে বৃহৎ এই প্ল্যাটফর্মে। আজ এই কথা তো কাল অন্যকিছু। ক্রিকেটপ্রেমীরাও মজে আছেন। নতুন নতুন বাণীর সঙ্গে পরিচিতি ঘটছে তাঁদের। তারকারাও ‘হিট’, ‘ভিউ’ ইত্যাদি শব্দের প্রেমে মজে গেছেন। কারণ, যত হিট, যত ভিউ, ততই ফুলেফেঁপে উঠবে তাঁদের ব্যাংক হিসাব।

প্রসঙ্গক্রমেই এসব কথা এলো। মূল প্রসঙ্গে ফেরা যাক। মিয়াঁদাদ বাবরকে বলেছেন, ‘ইংরেজি শিখতে হবে, এমন কোনো কথা নেই। পৃথিবীর অনেক দেশের মানুষই ইংরেজিতে কথা বলতে পারেন না। জার্মানি, ফ্রান্স, জাপান—এসব দেশের দিকে তাঁকাও। তুমি ক্রিকেটের বাদশা। তোমার মূল পরিচয় তোমার পারফরম্যান্স। তুমি ইংরেজিতে কতটা ভালো কথা বলতে পারো, এটা নয়। অযথা চাপ নিয়ো না। তুমি সব কথা উর্দুতেই বলবে। দরকার হলে অন্যরা তোমার বক্তব্য অনুবাদ করে শুনবে।’

সরফরাজ আহমেদের জায়গায় বাবরকে টি–টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল আগেই। পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে তিনি পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। গত মাসেই ওয়ানডে অধিনায়কত্ব পান। যদিও ৫০ ওভারের ক্রিকেটে এখনো টস করতে নামার সুযোগ হয়নি তাঁর। করোনা পরিস্থিতির কারণে মাঠে খেলা নেই, স্বাভাবিকভাবেই স্থগিত হয়ে গেছে পাকিস্তান–নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ।

সীমিত ওভারের ক্রিকেটে এরই মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। পাকিস্তানিরা তাঁকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করে যথেষ্ট আনন্দ পান। বাবর অবশ্য নিজ যোগ্যতাতেই অনন্য। ৭৪ ওয়ানডেতে ৩ হাজারের বেশি রানই তাঁর প্রতিভার কথা জানিয়ে দেয়। যদিও টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মাত্র ২৬টি। ধ্রুপদি সংস্করণে অবশ্য তাঁর এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি।