বাদ্য বাজছে বিপিএলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সিরিজের কারণে কিছুটা হলেও ঢাকা পড়েছিল বাদ্যিটা। তবে এখন তা বেশ জোরেই শোনা যাচ্ছে। দরজায় কড়া নাড়ছে বিপিএল। কাল উদ্বোধনী অনুষ্ঠান, ২২ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে খেলা। বিপিএলের বাদ্যি এখন বাজবে না তো কখন বাজবে?
চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস এরই মধ্যে জমজমাট অনুষ্ঠান করে থিম সং, লোগো আর জার্সি উন্মোচনের আনুষ্ঠানিকতা সেরেছে। পরশু ঢাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ মিকি আর্থারও। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ছিলেন রায়ান টেন ডেসকাট। অধিনায়ক কুমার সাঙ্গাকারা সশরীরে ছিলেন না, তবে ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজি ও ফ্র্যাঞ্চাইজি সমর্থকদের জানিয়েছেন শুভেচ্ছা। র্যা ডিসন হোটেলে আজ সন্ধ্যায় থিম সং ও জার্সি উন্মোচন অনুষ্ঠান করবে রংপুর রাইডার্সও।

>মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল উৎসবের রং লেগে গেছে আরও আগেই। একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে সব দল

তৃতীয় বিপিএল অনেক ‘সংশোধনী’র বিপিএল। আগের দুই আসরে ফ্র্যাঞ্চাইজি ফি, খেলোয়াড়দের নিলাম মূল্য সবই ছিল অবাস্তব অঙ্কের। অনেক ক্ষেত্রেই তাই ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক দায়ভার বহন করতে হয়েছে বিসিবিকে। সে অভিজ্ঞতা থেকেই সাধ ও সাধ্যকে সীমার মধ্যে রাখতে এবার সব কিছু সংকুচিত করে আনা হয়েছে।
তারপরও ছোটখাটো কিছু সমস্যা থাকছেই। ‘প্লেয়ারস বাই চয়েসে’ ডাক না পাওয়া অলক কাপালিকে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের টানাটানি যেমন একটি সমস্যা। আজ বিপিএল টেকনিক্যাল কমিটির সভা ডাকা হয়েছে এ নিয়ে। একটি সমস্যার অবশ্য সমাধানও হয়েছে। খেলোয়াড়দের দাবির মুখে কাল শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ক্রিকেটারদের বিপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে।
অবসান হয়েছে ভেন্যু নিয়ে জটিলতারও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সঙ্গে প্রথমে বিপিএলের ভেন্যু ছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। কিন্তু দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট হয় না বলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই সেখানে। চট্টগ্রামের ম্যাচগুলো তাই এখন হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এম এ আজিজ স্টেডিয়ামে কোনো খেলা হবে না।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল উৎসবের রং লেগে গেছে আরও আগেই। একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে সব দল। জিম্বাবুয়ে সিরিজের পর জাতীয় দলের কিছু খেলোয়াড় আজ পর্যন্ত বিশ্রামে থাকলেও আগামীকাল থেকে যার যার দলের হয়ে অনুশীলন করার কথা সবারই। সিলেট সুপার স্টারসের অনুশীলনে অবশ্য কালই যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে সিলেট অধিনায়ক জানালেন তাঁর ও দলের লক্ষ্যের কথা, ‘প্রত্যেকেই চায় সর্বোচ্চ রান করতে বা সর্বোচ্চ উইকেট পেতে। আমিও সেটাই চেষ্টা করব। আমাদের দল যাতে শীর্ষে থাকে এবং তাতে যেন আমার অবদানটাই বেশি থাকে।’
দ্বিতীয় বিপিএলে টুর্নামেন্ট সর্বোচ্চ (৪৪০) রান করেছিলেন। দুই বিপিএল মিলিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে তাঁর ৬৭৪-ই সর্বোচ্চ। দেশি-বিদেশি মিলিয়ে এটা ছিল দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ব্র্যাড হজের ৭৫৬।