বাপকা বেটা!

২০ বছর আগে বাবার হ্যাটট্রিকটা জ্যাকসন সরাসরি দেখেনি। দেখার প্রশ্নই ওঠে না, তার জন্মই যে হয়েছে আরও ছয় বছর পরে! তবে ইউটিউবের কল্যাণে বড় হয়ে হয়তো দেখেছে। কাল ব্রাইটন গ্রামার স্কুলের হয়ে খেলার সময় সেটা কি মনে পড়ছিল তার? ৫ বলে ৪ উইকেট নিয়ে এক দিক দিয়ে বাবাকেও ছাড়িয়ে গেছে জ্যাকসন ওয়ার্ন! শেষ শব্দটা থেকেই বুঝে ফেলেছেন ব্যাপারটা, জ্যাকসন অস্ট্রেলিয়া কিংবদন্তি শেন ওয়ার্নের ছেলে। কাল স্কুল ক্রিকেটে জেভিয়ার কলেজের সঙ্গে ম্যাচে এই কীর্তিটা করেছে সে। পুত্রগর্বে গরীয়ান বাবাও সঙ্গে সঙ্গে টুইট করেছেন, ‘জ্যাকসন এটা করেছে! কী দারুণ একটা হ্যাটট্রিক! এখন তার ৫ বলে ৪ উইকেট!’ ১৯৯৪-৯৫ মৌসুমে অ্যাশেজে ইংল্যান্ডের সঙ্গে ওয়ার্নের হ্যাটট্রিকটা ক্রিকেট-পুরাণের অংশই হয়ে আছে। বাবার কাছাকাছি যেতে হলেও অবশ্য এখনো অনেক অ-নে-ক দূর যেতে হবে জ্যাকসনকে। তবে শরীরে বাবার জিন যে আছে সেটার প্রমাণ সে একটা দিল! ডেইলি টেলিগ্রাফ।