বাবর আজমের কত সম্পদ?
জিম্বাবুয়েতে কী দুঃস্বপ্নের মতো একটা সিরিজই না কাটছে বাবর আজমের! প্রথম টেস্টে প্রথম বলেই আউট হয়ে গেলেন। গোল্ডেন ডাকের সে দুঃখ চলমান দ্বিতীয় টেস্টে ভুলতে তো পারলেনই না, উল্টো সিরিজের কষ্ট আরও বাড়ল। হারারেতে প্রথম ইনিংসে বাবর আউট হয়ে গেলেন ২ রানে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর ব্যাট দারুণ উজ্জ্বল, তবে টেস্টে বাবরের রান না পাওয়ার দুঃখ এই বছরজুড়েই চলছে। পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক হওয়ার পর থেকে টেস্টে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন বাবর, তাতে মাত্র একটি ফিফটিসহ ২০.৬৬ গড়ে করেছেন ১২৪ রান।
মাঠের পারফরম্যান্স যা-ই হোক, আর্থিক বিবরণীতে ঠিকই দুর্বার গতিতে ‘রান’ করে যাচ্ছেন বাবর। টেস্টে এই কদিন না হয় একটু রানখরা যাচ্ছে, কিন্তু বাবর যে সময়ের ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকায় থাকেন, তা নিয়ে তো কোনো সংশয় নেই! পাকিস্তান অধিনায়কের আয় কেমন, তাঁর সম্পদের পরিমাণ কত, তা জানার আগ্রহ তো অনেকেরই আছে। ভারত-পাকিস্তানের অনেক সংবাদমাধ্যমে পাওয়া তথ্যকে সূত্র ধরে সেটিই জানাল ভারতের সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বাবরের ধারাবাহিকতা তো নজর কাড়েই, চোখ ধাঁধায় তাঁর ব্যাটিংয়ের ধরনও। অল্প কদিনেই তাই পাকিস্তানের মানুষের হৃদয়ে ঠাঁই করে নেন। সেখান থেকে তাঁর তুলনা বিরাট কোহলি, কেইন উইলিয়ামসনদের সঙ্গে তুলনায় পৌঁছাতেও বেশি সময় লাগেনি বাবরের। আর ক্রিকেট মাঠে সাফল্য অনূদিত হয়েছে তাঁর উদ্বৃত্তপত্রেও। আয় বেড়েছে, বিজ্ঞাপনী সংস্থা ভিড় করেছে বাড়ির উঠোনে, বাড়ির রং উজ্জ্বল হয়েছে, গ্যারেজে যোগ হয়েছে নতুন ঝা–চকচকে গাড়ি।
বিভিন্ন দিক বিশ্লেষণ করে বাবরের আয়-সম্পদের বিবরণী দেখা যাক—
বার্ষিক বেতন
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে ওপরের দিকে (ক্যাটাগরি এ) আছেন বাবর। মাসে তাঁর বেতন দাঁড়ায় ১১ লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় বছরে ৬ লাখ টাকার কিছু বেশি।
পিএসএলের বেতন
পাকিস্তানের খেলোয়াড়দের দুর্ভাগ্য, ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে পারেন না। এ সময়ে বিশ্বে ক্রিকেটারদের সবচেয়ে বেশি আয় করার সুযোগ তো সেখানেই। তবে পাকিস্তানের নিজেরই তো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, সেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবর খেলছেন করাচি কিংসের হয়ে। ২০২১ সংস্করণের জন্য বাবরকে ‘প্লাটিনাম’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রেখেছে করাচি, যেখানে বাবর বেতন পান প্রায় ১ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায়? প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকা।
এনডোর্সমেন্ট
বিভিন্ন ব্র্যান্ডের দূতিয়ালি—অ্যাথলেটদের সবচেয়ে বড় আয়ের উৎসই এটি। পাকিস্তানের ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মুখ বাবর, তাঁর পেছনে তো ব্র্যান্ডগুলো ভিড় করবেই। হেড অ্যান্ড শোল্ডার্স, এইচবিএল, অপ্পো, হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান তাঁকে শুভেচ্ছাদূত করেছে আগেই, গত বছরের ডিসেম্বরে তাঁর সঙ্গে চুক্তি করেছে ব্যাট ও ক্রিকেটের অন্য সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি গ্রে নিকোলস।
বাড়ি-গাড়ি
২৭ বছর বয়সী বাবর লাহোরে পরিবারের সঙ্গে থাকেন এক আলিশান বাড়িতে। তাঁর নিজের একটি ল্যান্ড ক্রুজার আছে বলে শোনা যায়।
নেট সম্পদ
পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যমের অনুমান—সব মিলিয়ে বাবরের সম্পদের পরিমাণ প্রায় ৪০ লাখ ডলারের মতো। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩৩ কোটি টাকারও বেশি!