বাবর আজমের পর হাসান আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুয়ার্ট লর নোটপ্যাডে নির্ঘাত একটা নতুন ফাইল খোলা হয়েছে, ‘বাবর আজমকে আটকানো যায় কীভাবে?’ বাবর আজমের অপরাজিত সেঞ্চুরিটাই তো পরশু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ৭৪ রানে।
পাকিস্তানের এই ব্যাটসম্যান যে ভালো ব্যাট করেন, সেটা সবাই জানেন। ওয়ানডেতে দ্রুত এক হাজার রান তোলার রেকর্ডে ভিভ রিচার্ডস, কেভিন পিটারসনদের পাশে বসেছেন কদিন আগেই। মাত্র ২৫ ওয়ানডেতে ৫টি ফিফটি। পাকিস্তানের ব্যাটিংয়ের ভবিষ্যৎও ভাবা হচ্ছে তাঁকে। তবে এর মধ্যেও একটা টীকা দেওয়ার আছে। ক্যারিবীয়দের পেলেই কেন যেন একটু বেশিই জ্বলে ওঠেন আজম।
পরশু ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজমের পঞ্চম ওয়ানডে। এতেই পেয়ে গেছেন চতুর্থ সেঞ্চুরিটা। অন্যপ্রান্তে যখন কেউই উইকেটে দাঁড়িয়ে থাকার ইচ্ছে দেখাতে পারছিলেন না, সেখানে ব্যতিক্রম হয়ে রইলেন আজম। পরে বললেন, ‘আমি শুধু পুরো সময় ব্যাট করতে চেয়েছিলাম। সেটা করতে পারায় ভালো একটা স্কোরও পেয়েছে দল।’ আজমের ১৩২ বলে ১২৫ রানের ইনিংসেই পাকিস্তানের সেই ‘ভালো একটা স্কোর’—২৮২।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুটা অবশ্য এ রানটাকেই যথেষ্ট বানিয়ে দিয়েছে। মাত্র ৭৫ রানেই পড়ে গেছে ৬ উইকেট। এরপর জেসন হোল্ডার ও অ্যাশলি নার্সের সপ্তম উইকেট জুটিতে ৫৮ রান। নার্স (৪৩ বলে ৪৪) হাসান আলীর বলে আউট হতেই ম্যাচের ফল নিয়ে শেষ অনিশ্চয়তাটুকুও দূর হয়ে গেছে। অধিনায়ক হোল্ডারকে (৬৬) আউট করে ম্যাচের সমাপ্তিও টেনেছেন হাসান আলীই। ৮.৫ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন এই মিডিয়াম পেসার। ম্যান অব দ্য ম্যাচও তিনিই। ৩১ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ গায়ানার একই মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। এএফপি।