বাবরদের গর্ব করতে বললেন ইমরান খান

কাল হতাশা নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তানছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেবারিটের তকমাটাই কাল হলো পাকিস্তানের। টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে খুব একটা গোনায় ধরেনি কেউ। কিন্তু বিশ্বকাপ শুরু হতে না হতেই সব পাল্টে গেছে। ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। সুপার টুয়েলভের সব কটি ম্যাচই জিতেছে। পরিষ্কার ফেবারিটের তকমা গায়ে সেঁটে সেমিফাইনাল খেলতে গিয়েছিল পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেই পথ হারাল পাকিস্তান। প্রায় পুরো ম্যাচ নিয়ন্ত্রণ ছিল তাদের। কিন্তু শেষ দিকে ম্যাথু ওয়েড ও মার্কাস স্টয়নিসের দুর্দান্ত ব্যাটিংয়ে হেরে বসেছেন বাবর আজমরা। তবে হারের পর পেয়েছেন দেশবাসীর ভালোবাসা। দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান দলকে নিয়ে গর্বের কথা জানিয়েছেন।

দুর্দান্ত ফর্মে থেকেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো পাকিস্তানকে
ছবি: এএফপি

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ইমরান খান অদ্বিতীয়। এর পেছনে ১৯৯২ বিশ্বকাপ জয় ও সে বিশ্বকাপে তাঁর নেতৃত্বই মূল ভূমিকা রেখেছে। কিন্তু এ অর্জনের আড়ালে আছে অনেক হতাশার গল্পও। ১৯৮৭ বিশ্বকাপেও শিরোপা জয়ের পথে অনেক দূর এগিয়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলেন ইমরানরা। লাহোরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৮ রানের লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান।

কাল শাহিন আফ্রিদির শেষ ওভার থেকে ২২ রান তুলেছে অস্ট্রেলিয়া
ছবি: এএফপি

৫৮ রান করে অ্যালান বোর্ডারের বলে ইমরানের আউট হয়ে যাওয়ার পরই লক্ষ্যচ্যুত হয়েছিল পাকিস্তান। প্রায় তিন যুগ পর আবার সেই অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হলো পাকিস্তানের। বাবর আজমদের দুঃখটা ভালোই বোঝেন ইমরান খান। গতকাল ম্যাচের পরই আর দেরি করেননি সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী।

নিয়ম করে পাকিস্তানের খেলা দেখেছেন ইমরান
ছবি: টুইটার

টুইট করেছেন দলের উদ্দেশে। ফাইনালে উঠতে ব্যর্থ হলেও এ বিশ্বকাপ থেকে পাকিস্তান যে খালি হাতে ফিরছে না, সেটা জানিয়ে দিয়েছেন ইমরান, ‘বাবর আজম ও তাঁর দলের প্রতি: তোমাদের এখন কেমন লাগছে, এটা আমি ভালোভাবেই জানি। কারণ, ক্রিকেট মাঠে এমন হতাশার মধ্য দিয়ে আমাকেও যেতে হয়েছে। কিন্তু যে মানের ক্রিকেট খেলেছ এবং জয়ের পর যে বিনয় দেখিয়েছ, তাতে তোমাদের গর্ব করা উচিত।’