'জৈব সুরক্ষিত' সফরে বাবরদের জোর করবে না পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বাবর আজম। ছবি: টুইটার
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বাবর আজম। ছবি: টুইটার

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি সামনের দিনগুলোতে কোন দিকে মোড় নেয় কে জানে! আগামী আগস্টে তিন টেস্ট ও তিন টি–টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) 'খুবই আশাবাদী' সফরটি হবেই।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানালেন ওই সফর নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে পিসিবি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরের খুঁটিনাটি নিয়ে চুক্তিও সই করেছে দুই বোর্ড। তবে সফরটি হলেও ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে খেলোয়াড়দের জোর করবে না পিসিবি।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়েই চলছে লকডাউন। ইংল্যান্ড তো বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি দেশের একটি। স্বাভাবিক নিয়ম মেনে তাই এখন আর ক্রিকেট খেলার উপায় নেই দেশটিতে। ইসিবি চাইছে ওয়েস্ট ইন্ডিজের মতো পাকিস্তান সিরিজটাও 'জৈব সুরক্ষিত' পরিবেশে আয়োজন করতে। যে আয়োজনে দর্শকের প্রবেশাধিকার থাকবে না গ্যালারিতে। খেলোয়াড় ও সংশ্লিষ্ট অন্যদেরও থাকতে হবে নিয়ন্ত্রিত পরিবেশে।

ওয়াসিম খান জানান, ওয়েস্ট ইন্ডিজের মতো তাঁর দল কোয়ারেন্টিন আইন মানতে নির্ধারিত সময়ের অনেক আগেই জুলাইয়ের শুরুর দিকে ইংল্যান্ডে চলে যেতে পারে। ভাড়া করা বিশেষ উড়োজাহাজে করে ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট দলের। সেখানে গিয়ে নির্ধারিত একটি ভেন্যুতে আস্তানা গাড়বেন বাবর আজমরা। ওই ভেন্যুতে থেকেই অনুশীলন করবে তারা, খেলবেন নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ। দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিন ওভাবেই চলবে। তবে কোন শহরে হবে পাকিস্তান দলের ঠিকানা, সেটি অবশ্য এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে সফরের ছয়টি ম্যাচ অন্য দুই ভেন্যুতে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান।

ইসিবির পরিকল্পনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন ওয়াসিম খান, 'ইসিবি তাদের বিস্তারিত পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরেছে। বিশেষ করে উড়োজাহাজে ভ্রমণ থেকে শুরু করে জৈব সুরক্ষিত পরিবেশে কীভাবে খেলা হবে, তা নিয়ে। পিসিবি খুবই আশাবাদী সফরটি নিয়ে।'

তবে যাঁরা খেলতে যাবেন তাঁদের মতামত কী? ওয়াসিম খান জানালেন তাঁরা বাবর আজমদের ইংল্যান্ডে যেতে জোর করবেন না, 'আমরা সামনের সপ্তাহে খেলোয়াড়দের সঙ্গে কথা বলব ও ইসিবির পরিকল্পনার কথা জানাব। কেউ যদি যেতে অস্বস্তি বোধ করে আমরা জোর করে তাঁকে সফরে পাঠাব না।'

ইংল্যান্ড ও পাকিস্তান কোনো দেশের ক্রিকেটাররাই অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেননি।