‘বাবরের চেয়ে রিজওয়ান ভালো অধিনায়ক’
২০২২ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাহিন আফ্রিদিকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে লাহোর কালান্দার্স।
পাকিস্তানের এ পেসার নিজের পছন্দের অধিনায়কের তালিকায় বাবর আজমের চেয়েও বেশি নম্বর দিয়েছেন মোহাম্মদ রিজওয়ানকে।
বাবর এখন পাকিস্তানের অধিনায়ক। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম করেন শাহিন আফ্রিদি।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে এ পর্যন্ত ৮৮ ম্যাচ খেলা শাহিন বাবরের অধীনে খেলেছেন ৪৩ ম্যাচ। উইকেটসংখ্যা ৮৫। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন সরফরাজ আহমেদের অধিনায়কত্বে—২৮ ম্যাচে পেয়েছেন ৬১ উইকেট। অনিয়মিত অধিনায়ক রিজওয়ানের অধীনে ২ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। কিন্তু রিজওয়ানের ব্যক্তিত্ব টানে শাহিনকে।
ঘরোয়া ক্রিকেট থেকে রিজওয়ানের সঙ্গে পরিচয় শাহিন আফ্রিদির। এ পর্যন্ত যত অধিনায়কের অধীনে খেলেছেন, তাঁদের মধ্যে রিজওয়ানকেই সেরা মনে হয় বাঁহাতি এ পেসারের।
বাবরকেও খুব ভালো অধিনায়ক মনে করেন শাহিন। তবে বাবর তাঁর চোখে দ্বিতীয় সেরা অধিনায়ক।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ এ নিয়ে শাহিনের মন্তব্য প্রকাশ করেছে, ‘রিজওয়ানের ব্যক্তিত্ব পছন্দ করি। তার সঙ্গে ঘরোয়া ক্রিকেট শুরু করি, আমার চোখে সে-ই সেরা। তবে জাতীয় দল নিয়ে বাবরও অসাধারণ কাজ করছে। তাকে দুইয়ে রাখব।’
তবে বাবরকে ব্যাটসম্যানদের মধ্যে সেরা হিসেবেই দেখেন শাহিন আফ্রিদি, ‘বাবর আজম আমার সবচেয়ে পছন্দের ব্যাটসম্যান। সে এমনিতেও শীর্ষ ব্যাটসম্যান। জাতীয় দল নিয়ে তার অসাধারণ কাজের জন্য আমরা নতুন নতুন উচ্চতার দেখা পাচ্ছি।’