বাবরের চোট সুখবর মনে হচ্ছে তাঁর
মাঠের বাইরে সময়টা এমনিতেও ভালো যাচ্ছিল না বাবর আজমের। নিউজিল্যান্ডে যাওয়া পাকিস্তান দলে একের পর এক করোনা ধরা পড়েছে আর কোয়ারেন্টিন পর্ব দীর্ঘ হয়েছে তাদের।
ওদিকে দেশেও ঝামেলা চলেছে সমানে। তাঁর বিরুদ্ধে বিয়ে করার কথা বলে ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ তুলেছেন এক নারী। যে মামলার শুনানি ১৪ ডিসেম্বর হবে।
মাঠের বাইরের এসব ঘটনা থেকে দুদণ্ড স্বস্তি পেয়েছিলেন গত কয়েক দিন। অবশেষে বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে মাঠে ফেরার সুযোগ পেয়েছেন বাবররা। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচই বিপত্তি টেনে আনল। বৃদ্ধাঙুলে ব্যথা পেয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে পড়েছেন পাকিস্তান অধিনায়ক। আর এ ঘটনাকে দলের জন্য শাপেবর মনে হচ্ছে সাবেক অধিনায়ক রশিদ লতিফের!
নিউজিল্যান্ড গিয়েই সুখবর পেয়েছিলেন বাবর। পাকিস্তানের সব সংস্করণের জন্য দীর্ঘমেয়াদে অধিনায়ক করা হয়েছে তাঁকে। কিন্তু নিজের প্রথম সিরিজেই অনুপস্থিত থাকবেন বাবর। ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলা টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম কাটিয়ে নেওয়া হয়েছে তাঁর।
টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটসম্যানের অনুপস্থিতি নির্ঘাত বড় ধাক্কা পাকিস্তানের জন্য। তবে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফের ধারণা, এতে দীর্ঘমেয়াদে পাকিস্তানেরই লাভ হবে।
বিশ্ব ক্রিকেটে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন বাবর। কিন্তু দলের ব্যাটিংয়ের সব ভার একা টানা কোনো দলের জন্যই সুখকর নয়। পাকিস্তানের ভবিষ্যতের জন্য নতুন কিছু ব্যাটসম্যান উঠে আসা দরকার।
লতিফের ধারণা, নিউজিল্যান্ডের বিপক্ষ টি-টোয়েন্টি সিরিজে একটা ভালো পরীক্ষা হয়ে যাবে স্কোয়াডের, ‘বাবর আজমের ছিটকে পড়া অনেক বড় ক্ষতি। আশা করি, দ্রুত সেরে উঠবে। কিন্তু এটা দলের জন্য শাপেবর হতে পারে। যখন বড় খেলোয়াড় চোটে পড়ে, তখন নতুন খেলোয়াড় বের হয়ে আসার সুযোগ হয়। আবদুল্লাহ শফিক ও হায়দার আলী যদি বাবরের অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধন করে, তাহলে সুযোগ কাজে লাগাতে পারবে এবং পাকিস্তান হয়তো নতুন তারকা পাবে।’
ইউটিউব চ্যানেলে লতিফ আশা করছেন, পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট ভবিষ্যৎ নিয়ে ভাববেন। বাবরের অনুপস্থিতিতে স্কোয়াডে থাকা অভিজ্ঞদের নামিয়ে দেওয়ার বিপক্ষে তিনি।
‘আমি আশা করি মোহাম্মদ রিজওয়ান বা সরফরাজ আহমেদকে ইনিংস ওপেন করতে পাঠানো হবে না। তরুণদের আগে নামতে দিন এবং আগুন (নতুন বল) সামলাতে দিন। যদি এটা সামলাতে পারে, তাহলেই ভালো খেলোয়াড় হবে’—বলেছেন লতিফ।
পাকিস্তান আশা করছে, ২৬ ডিসেম্বরে শুরু হওয়া টেস্টে পাওয়া যাবে বাবরকে। আর টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য লেগ স্পিনার শাদাব খানকেই পছন্দ তাদের। প্রস্তুতি ম্যাচে বাবরের উল্টো দিকে টস করতে নেমেছিলেন শাদাব। কিন্তু এ লেগ স্পিনারও হালকা চোট পেয়ছেন কুঁচকিতে। সে ক্ষেত্রে লতিফের পছন্দ এক অলরাউন্ডার, ‘শাদাব যদি সুস্থ না হয়, তাহলে ইমাদ ওয়াসিম দলকে নেতৃত্ব দিক। পিএসএলেই একটা দলের অধিনায়ক ছিল সে।’