বাবরের তিনে তিন, পাকিস্তানেরও

প্রথম ওয়ানডেতে ১২০ রান, দ্বিতীয়টিতে ১২৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকই করে ফেললেন বাবর আজম। এবার করলেন ১১৭ রান। আজমের সঙ্গে কাল হেসেছে আজহার আলীর ব্যাটও, পাকিস্তান অধিনায়কও করেছেন ১০১ রান। তাতেই ৫০ ওভারে ৬ উইকেটে পাকিস্তানের রান হলো ৩০৮। আর বাবরের টানা তৃতীয় সেঞ্চুরি পাওয়ার ম্যাচে জিতেছে পাকিস্তানও। এই ১৩৬ রানের জয়ে তিন ওয়ানডের সিরিজে ধবলধোলাই ক্যারিবীয়রা (১৭২)।
ওয়ানডেতে টানা চার ম্যাচেও সেঞ্চুরি দেখেছে ক্রিকেট। ২০১৫ বিশ্বকাপেই তা করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আজমের এখনো সেই সুযোগ আছে। তবে এর মধ্যেই যা করেছেন, তাতে ২১ বছর বয়সী তরুণ গর্ব করতেই পারেন।
এই সিরিজের আগে ওয়ানডেতে তাঁর কোনো সেঞ্চুরিই ছিল না, শুরুই করলেন টানা তিনটি সেঞ্চুরি দিয়ে—ইতিহাসে এমন কীর্তি আর কারও নেই। পাকিস্তানের হয়ে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তিই আছে শুধু দুই কিংবদন্তির—জহির আব্বাস ও সাঈদ আনোয়ার! আর তিন ওয়ানডের সিরিজে সেঞ্চুরির ‘হ্যাটট্রিকে’ আজমের পূর্বসূরি শুধুই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (ভারতের বিপক্ষে, ২০১৩-১৪ সালে)।
শারজিল খানের সঙ্গে অধিনায়ক আজহারের ৮৫ রানের উদ্বোধনী জুটি, পাকিস্তান ইনিংসে এরপরের গল্পটা শুধুই আজহার-আজম জুটির। দুজনই মেরেছেন ৮টি করে চার, ১টি করে ছক্কা। আজমই ছিলেন বেশি আক্রমণাত্মক, ১১৭ করেছেন ১০৬ বলে। আজহারের ১০১ রান এসেছে ১০৯ বলে। ক্রিকইনফো।