বাবা-ছেলের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা বাসতাকি মাহমুদ আর ছেলে বাসতাকি ফাহাদ। কুয়েত দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক l প্রথম আলো
বাবা বাসতাকি মাহমুদ আর ছেলে বাসতাকি ফাহাদ। কুয়েত দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক l প্রথম আলো

বাবার বয়স ৫৮, ছেলের ২৩। কিন্তু একটা জায়গায় দুজনই সমান। দুজনই কুয়েত জাতীয় দলের খেলোয়াড়। বাবা বাসতাকি মাহমুদ দলটার অধিনায়ক, আর ছেলে বাসতাকি ফাহাদ সহ-অধিনায়ক। এশিয়ান গেমসের কুয়েত ক্রিকেট দলটা বাপ-বেটারই দল।
একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলাটা বাবা-ছেলে দুজনের জন্যই রোমাঞ্চকর। এ সুযোগ করে দেওয়ার জন্য বাবা ধন্যবাদ জানালেন কুয়েত ক্রিকেট বোর্ডকে, ‘কুয়েত দলের প্রতিনিধিত্ব¦করার সুযোগ দেওয়ার জন্য আমি কুয়েত বোর্ডকে ধন্যবাদ দিতে চাই। ছেলের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলতে পেরে আমি আনন্দিত।’
কাল ইওনহি ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের ৯ উইকেট ফেলায় এই বাপ-বেটার আছে বিশাল ভূমিকা। বাবা মাহমুদ ৪৫ রানে নিয়েছেন ২ উইকেট। আর ছেলে ফাহাদ ৩ উইকেট নিয়েছেন ৪৮ রানে। এর মধ্যে ফাহাদের বলে শর্ট মিড উইকেটে দেওয়া তামিমের ক্যাচটা আবার ধরেছেন বাবা মাহমুদ। ছেলে ফাহাদ বলেছেন, এটা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, ‘এই স্মৃতি আমি সারা জীবনেও ভুলব না। দলের হয়ে প্রথম উইকেটটা নিলাম আমি, আর ক্যাচটা নিলেন আমার বাবা। এটা আসলেই বিশেষ কিছু।’
বাবা বাসতাকি মাহমুদ ক্রিকেট খেলা শুরু করেন মাত্র ১০ বছর থেকে। ক্রিকেট খেলেছেন ভারতে পড়াশোনার সময়ও। এখনো খেলাটা খেলে যাচ্ছেন সুস্বাস্থ্য ধরে রাখার জন্য। পেশায় ব্যাংকার মাহমুদ বলছিলেন, ‘এখনো আমি যথেষ্ট ফিট এবং ক্রিকেট খেলাটাও চালিয়ে যেতে চাই।’
জন্মের পর থেকে বাবাকে ক্রিকেট খেলতে দেখেছেন। নিয়মিত ক্রিকেট খেলা দেখেন টেলিভিশনেও। শুরুতে টেনিস খেললেও ছেলে ফাহাদ তাই আস্তে আস্তে ঝুঁকে পড়েন ক্রিকেটের দিকে। বাবা আর বড় ভাইকে দেখে বাসতাকি মাহমুদের ছোট ছেলেও এখন টেপ টেনিসে ক্রিকেট খেলে। কাজেই এই ক্রিকেটার পরিবারের হাতে কুয়েতের ক্রিকেটটা হয়তো আগামী বেশ কয়েক বছরই থাকবে। ফাহাদেরও তাই আশা। তবে সঙ্গে বলেছেন, ‘কারা দল চালাবে সেটা কোনো ব্যাপার নয়। আমি কুয়েতের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব, এটাই হলো কথা।’
এশিয়ান গেমসে এসে বাংলাদেশের মতো একটা টেস্ট দলের বিপক্ষেÿখেলতে পেরে দারুণ খুশি ফাহাদ। তাঁর কাছে ব্যাপারটা স্বপ্নপূরণের মতোই, ‘এই খেলোয়াড়দের খেলা আমি টেলিভিশনে দেখেছি। সরাসরি তাদের দেখছি এই প্রথম এবং তাদের উইকেট নিচ্ছি...এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই একটা ব্যাপার। উইকেটকিপার হিসেবে সাকিবের ক্যাচ নিতে পারাটা আমার জন্য বিশেষ কিছুই।’
ফাহাদ আসলে সাকিবের বড় এক ভক্ত। কাল ম্যাচ খেললেও সাকিব এবং বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটারের সঙ্গে গেমস ভিলেজে আরও দুই দিন আগেই দেখা করেছেন তিনি। সেই থেকেই আশায় ছিলেন, কুয়েতের বিপক্ষে ম্যাচটিতে সাকিব যেন খেলেন। কাল সেই স্বপ্নও পূরণ হয়েছে ফাহাদের।