বাবা ভেবেছিলেন ভিলিয়ার্স হবেন গলফার

এবি ডি ভিলিয়ার্সকে ক্রিকেট ইতিহাসেরই ‘সেরা অ্যাথলেট’ মনে করেন অনেকে। বর্তমান ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান তো বটেই। নিজের দিনে এই প্রোটিয়া কেমন ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেই উদাহরণ টাটকাই। ক্রিকেটের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি। অথচ ডি ভিলিয়ার্সের বাবার ধারণা ছিল, ছেলে বড় হয়ে ক্রিকেটার নয়, হবে গলফার!
ছেলের শততম টেস্ট ম্যাচ উপলক্ষে এই মুহূর্তে বেঙ্গালুরুতে অবস্থান করছেন ডি ভিলিয়ার্সের বাবা আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। ভারতের ইংরেজি দৈনিক ডিএনএকে সিনিয়র ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি ভেবেছিলাম ও গলফেই নাম করবে। বিছানায় শুয়ে শুয়ে কত দিন ভেবেছিল, একদিন আর্নি এলস (দক্ষিণ আফ্রিকান গলফ কিংবদন্তি) এই ছেলেটার খেলা দেখতে আসবে। এবি গলফ বলে নেওয়া শটগুলো ছিল খুবই নিখুঁত। গলফের পর ও টেনিস খেলতে শুরু করল, এর পরই খেলেছে ক্রিকেট, তার পর রাগবি। অদ্ভুত ব্যাপার হলো, গলফে সে খুবই অস্থির ছিল, যদিও ব্যাটিংটা সে করে একেবারে ঠান্ডা মাথায়।’
ডি ভিলিয়ার্সের শততম টেস্টে দক্ষিণ আফ্রিকার অবস্থা অবশ্য খুব একটা সুবিধার নয়। প্রথমে ব্যাট করে ২১৪ রানেই শেষ হয়েছে তাদের ইনিংস। দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যেও ব্যতিক্রম ছিলেন ডি ভিলিয়ার্সই। ৮৫ রানের এক ইনিংস খেলে তিনি দলকে বাঁচিয়েছেন বড় লজ্জার হাত থেকেই। নিজের শততম টেস্টে সেঞ্চুরিটা পেয়ে গেলে মাঠে উপস্থিত বাবার মুখটা আরও উজ্জ্বল করতে পারতেন, নাম উঠে যেত রেকর্ড বইয়েও। অবশ্য সেই সুযোগ দ্বিতীয় ইনিংসে থাকছেই। যদিও বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও গড়ায়নি। পুরো দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে।