বাবা হবেন তাই বিশ্ব রেকর্ড বিসর্জন

৩০ জুলাই যখন মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, সেদিকে তাকিয়ে কি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে এবি ডি ভিলিয়ার্সের? বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলেই দেশে ফিরে যাবেন। খেলা হবে না সিরিজের দুটো টেস্ট। যদি খেলতেন, হয়ে যেত একটি বিশ্ব রেকর্ড। অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার!
২০০৪ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন ডি ভিলিয়ার্স। একটি ম্যাচেও বাদ পড়েননি। অভিষেকের পর টানা ৯৬ টেস্ট খেলা অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভেঙে দিয়েছেন গত ডিসেম্বরে। সে দিক দিয়ে অভিষেকের পর টানা টেস্ট খেলার বিশ্ব রেকর্ডটি তাঁরই। কিন্তু এই রেকর্ডটা নিয়ে ডি ভিলিয়ার্স স্বস্তিতে থাকতে পারছেন কই? অভিষেকের পর টানা ৯৪ টেস্ট খেলে যে এগিয়ে আসছেন ব্রেন্ডন ম্যাককালাম।
বাংলাদেশের বিপক্ষে ডি ভিলিয়ার্স টেস্ট সিরিজে খেলবেন না বলে অভিষেকের পর টানা টেস্ট খেলার রেকর্ডটা ৯৮ ম্যাচে থামছে। ম্যাককালাম কিন্তু থামছেন না। চোট বা ফর্মের কারণে বাদ না পড়লে ডি ভিলিয়ার্সের রেকর্ডটা কিউই অধিনায়ক ভাঙতে চলেছেন। এখানেই আক্ষেপ থাকতে পারে ডি ভিলিয়ার্সের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুটো খেললে অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলা প্রথম ক্রিকেটার হতেন। আর যা-ই হোক, ‘প্রথম’-এর কীর্তি তো কেউ ভাঙতে পারে না।
আরও একটি রেকর্ড হতো তাঁর। অভিষেক বাদ দিলেও কোনো দলের হয়ে টানা ১০০ টেস্ট খেলার কীর্তি আছে মাত্র চারজনের। টানা ১৫৩ টেস্ট খেলে যে রেকর্ডে সবার ওপরে অ্যালান বোর্ডার। ১১২ টেস্ট ম্যাচ নিয়ে বোর্ডারের রেকর্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অ্যালিস্টার কুক। অন্য দুজন হলে মার্ক ওয়াহ (১০৭) ও সুনীল গাভাস্কার (১০৬)। এই রেকর্ডও হচ্ছে না ডি ভিলিয়ার্সের।
কিন্তু সত্যি কি আক্ষেপ হবে তাঁর? মনে হয় না। কারণ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে যাচ্ছেন প্রথমবারের মতো বাবা হবেন বলে। প্রথমবারের মতো যখন সদ্যোজাত সন্তানকে কোলে নেবেন, স্বর্গীয় এক আনন্দে ভরে যাবে তাঁর মন। যে আনন্দের কাছে বিশ্ব রেকর্ড-টেকর্ড সব তুচ্ছ!
অভিষেকের পর টানা টেস্ট খেলার রেকর্ড
ম্যাচ খেলোয়াড়
৯৮ এবি ডি ভিলিয়ার্স
৯৬ অ্যাডাম গিলক্রিস্ট
৯৪ রাহুল দ্রাবিড়
৯৪ ব্রেন্ডন ম্যাককালাম
৮৪ শচীন টেন্ডুকার
৭৯ মাইক হাসি
৬৫ কপিল দেব
৬৪ ইয়ান হিলি
৬১ রোহান কানহাই
৫৮ জন রিড
* দ্রাবিড় ৯৩টি ম্যাচ খেলেছেন ভারতের হয়ে, একটি বিশ্ব একাদশের হয়ে