বাবা হারালেন বেন স্টোকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা মস্তিষ্কের ক্যানসারের সঙ্গে লড়ছিলেন এক বছরের বেশি সময় ধরে। এ সময় মাঠে লড়াইয়ের সঙ্গে মনের সঙ্গেও যুদ্ধ করতে হয়েছে বেন স্টোকসকে।

বাবাকে যেকোনো সময় হারাতে হতে পারে, মনে মনে এই প্রস্তুতি নিয়ে রাখা যেকোনো ছেলের জন্যই খুব কঠিন। ইংলিশ অলরাউন্ডারকে শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতিটাই মেনে নিতে হলো।

ক্রিকইনফো জানিয়েছে, বাবাকে হারিয়েছেন বেন স্টোকস। তাঁর বাবা জেড স্টোকসও খেলোয়াড় ছিলেন। নিউজিল্যান্ড রাগবি জাতীয় দলের খেলোয়াড় এবং পরে কোচিংও করিয়েছেন জেড স্টোকস।

জেড স্টোকসের সাবেক ক্লাব ওয়াকিংটন টাউন মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করে, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সাবেক খেলোয়াড় ও কোচ জেড স্টোকস মারা গেছেন। টাউনের ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে। বেন, ডেব ও জেমসের প্রতি সহমর্মিতা রইল।’

১৯৮২-৮৩ মৌসুমে ইংল্যান্ডের এই ক্লাবে খেলেছেন জেড। ২০০৩ সালে কোচ হিসেবে এই ক্লাবে ফেরার সময় নিউজিল্যান্ড থেকে বেন স্টোকসকেও সঙ্গে করে নিয়ে ‍যান তিনি। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া স্টোকস এরপর ধীরে ধীরে জায়গা করে নেন ইংল্যান্ড জাতীয় দলে।

গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা সফরে জেড স্টোকসের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রেখে বাবার কাছে ছুটে গিয়েছিলেন স্টোকস।

স্টোকসের ক্যারিয়ারে তাঁর বাবার প্রভাব অনেক
ছবি: টুইটার

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে স্টোকস তখন বলেছিলেন, ‘এক সপ্তাহ চোখের পাতা এক করতে পারিনি। মনের দিক থেকে টেস্ট সিরিজ ছেড়ে চলে আসাটাই ঠিক বলে মনে করেছি।’

৬৫ বছর বয়সী অসুস্থ বাবাকে রেখে গত অক্টোবরে আইপিএলে ফেরেন স্টোকস। তখন এক সংবাদমাধ্যমে স্টোকস কলাম লিখেছিলেন, ‘মা–বাবাকে বিদায় বলাটা ছিল খুব কঠিন। পরিবার হিসেবে আমরা কঠিন সময় পার করলেও একে অপরের পাশে আছি।’

বেন স্টোকসের ক্যারিয়ারে তাঁর বাবার প্রভাব অনেক। বড় রান করলে কিংবা সেঞ্চুরি করলে মাঠে বাঁ হাতের আঙুল মুড়ে উদযাপন করেন স্টোকস। এমন উদযাপন তাঁর বাবাকে স্মরণ করেই।

রাগবি খেলোয়াড় থাকতে হাতের আঙুল হারিয়েছেন তাঁর বাবা। এখন থেকে তা উদযাপন করতে নিশ্চয়ই চোখ টলমল করবে ইংলিশ অলরাউন্ডারের।

স্টোকস তাঁর বাবার ক্যারিয়ারকে শ্রদ্ধা জানিয়ে এভাবে ভালো পারফরম্যান্স উদযাপন করেন
ছবি: টুইটার