বাবার অপূর্ণ সাধ মেটাচ্ছেন কুম্বলের ছেলে
লোকে বলে, আমগাছ থেকে আমই হয়। কিন্তু অনিল কুম্বলে বলতে পারেন, আমগাছ থেকে অন্য কিছুও হতে পারে। আর সেটা হওয়াই ভালো। তাতে কষ্ট কম হয়। এই কথা শুনে ভ্রুকুটি করার আগে পুরোটা শুনুন।
রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পর ২০১২ সালে তাঁকে অনুষ্ঠান করে বিদায়ী সংবর্ধনা দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গল্পটা এখান থেকে শুরু করা যায়। সে অনুষ্ঠানে দ্রাবিড়ের সতীর্থরা তাঁকে প্রশংসায় ভাসিয়ে দেন। সে ধারাবাহিকতায় মঞ্চে ওঠেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।
খেলোয়াড়ি জীবনে কুম্বলের বলে স্লিপে ও উইকেটকিপার হয়ে প্রচুর ক্যাচ নিয়েছেন দ্রাবিড়। মুত্তিয়া মুরালিধরন ও মাহেলা জয়াবর্ধনের মতো তাঁদেরও দারুণ জুটি ছিল। কুম্বলে সে জুটির কথা স্মরণ করেই একটি গল্প বলেন।
দ্রাবিড়ের ছেলে সমিত জন্ম নেওয়ার পর কুম্বলের এক বন্ধু (তিনি দ্রাবিড়েরও বন্ধু) তাঁকে ফোনে খুদে বার্তা পাঠান, ‘ব কুম্বলে ক দ্রাবিড় চলবে।’
কুম্বলে এরপর বলেন, ‘এই বার্তার জবাবে লিখেছিলাম, এটা হবে না। কারণ, আমার ছেলে বোলার হবে না, রাহুল দ্রাবিড়ের ছেলেও ব্যাটসম্যান হবে না।’ সমিতকে নিয়ে দ্রাবিড় কথাগুলো শোনার সময় সম্মতিসূচক মাথা নাড়েন।
কুম্বলে বলে যান, ‘দ্রাবিড়ের ছেলে বোলার হবে। কারণ, বাবার ২৩ হাজার আন্তর্জাতিক রানের রেকর্ড ভাঙটা তার জন্য খুব কঠিন হবে। কিন্তু বোলিংয়ে সে মাত্র দুই উইকেট নিলেই বাবাকে ছাপিয়ে যেতে পারবে (দ্রাবিড়ের টেস্ট উইকেট ১টি)। আবার আমার ছেলেকেও আমাকে ছাপিয়ে যেতে গড়ে ১৯–এর বেশি রান (কুম্বলের টেস্ট ব্যাটিং গড় ১৭.৭৭) করতে হবে।’
কুম্বলের এই কথা শুনে গোটা সংবর্ধনাকক্ষে হাসির রোল ওঠে।
এক দশক পর কুম্বলের কথাই সত্যি হলো। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৯৫৬ উইকেট নেওয়া বাবার মতো বোলার হননি তাঁর ছেলে মায়াস কুম্বলে। আর এই কাজের ‘ভিত্তিপ্রস্তর’ও কুম্বলের হাতেই গড়া।
খেলার পাশাপাশি বন্য প্রাণীদের নিয়ে শখের ফটোগ্রাফিতেও মন সঁপেছেন কুম্বলে। পাঁচ বছর আগে একদিন মায়াসের হাতে লেইকা ব্রিজ ক্যামেরা তুলে দিয়ে বলেছিলেন, ওয়াইল্ডলাইফ সাফারিতে গেলে এটা ব্যবহার কোরো।
সেই যে শুরু হলো, এত দিনে কুম্বলে জুনিয়র নিজেকে ধীরে ধীরে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হিসেবে ভালোই তৈরি করেছেন। নিজের তোলা ছবিগুলো দিয়ে একটি ‘কফি টেবিল বুক’ বানিয়েছেন মায়াস। কিছুদিন আগে ভিভিএস লক্ষ্মণের উপস্থিতিতে সেই বইয়ের মোড়ক উন্মোচনও হয়ে গেল।
১৭ বছর বয়সী মায়াস মনে করেন, নানা জায়গায় ঘুরে বন্য প্রাণীদের ছবি তোলার বিষয়টি তাদের পারিবারিক ঐতিহ্য। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল স্কুলে ছবি তোলার ক্লাবের সহপ্রতিষ্ঠাতা মায়াস।
২০১৭ সালে রনথাম্বরে ন্যাশনাল পার্কে একবার বুনো পোকার কামড়ও খেতে হয় তাঁকে। এরপরই মায়াসের জীবনে নতুন এক দুয়ার খুলে যায়। তাঁর বাবা অনিল কুম্বলেরও যে বুনো জীবজন্তুর ছবি তোলার ঝোঁক আছে।
‘ঘুরে বেড়ানোর সময় বাবার কাছে ছবি তোলা সম্বন্ধে শিখেছি। বাসায় ইউটিউবে টিউটোরিয়াল দেখে ছবি নিয়ে কাজ করি। ছবি তোলার জন্য কোথাও ঘুরতে গেলে বাবা ও আমার সম্পর্কটা বন্ধুর মতো হয়ে যায়। ছবি তোলার মাধ্যমে একাডেমিক পড়াশোনা থেকে একটু দম ফেলার সুযোগ পাই’—বলেছেন মায়াস।
গত পাঁচ বছরে বিড়াল গোত্রের প্রাণী, শিকারি পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের প্রচুর ছবি তুলেছেন মায়াস। সেসব ছবির সংকলনেই বইটি বানানো হয়েছে। কর্ণাটকের কাবিনিতে বিরল কালো চিতা বাঘের ছবি তুলেছেন মায়াস। এই ছবিকেই নিজের ‘সেরা’ ক্লিক বলে মনে করেন তিনি।
২০১৭ সালে প্রথম দফায় এই কালো চিতার ছবি ভালোভাবে তুলতে না পারলেও গত বছর সফল হন, ‘প্রথমবার কালো চিতার ছবি ভালোভাবে তুলতে না পারায় হতাশ হয়েছিলাম। কিন্তু প্রকৃতির কাছে যে সেরা শিক্ষাটা পেয়েছি, সেটা হলো ধৈর্য। ছবি তোলায় নামার আগে পরিবারের সঙ্গে ঘুরতে বের হলে অধৈর্য লাগত। বুনো জীবন থেকে শিক্ষাটা পেয়েছি।’
তাদোবা-আন্ধেরি জাতীয় পার্কে চারটি বাঘের পানি খাওয়ার ছবি তুলতে আড়াই ঘণ্টা অপেক্ষাও করেছেন মায়াস।
কুম্বলের ছবি তোলার প্রতি টান থাকলেও খেলোয়াড়ি জীবনে তাঁর একটি কুসংস্কার ছিল। তাঁর মুখ থেকেই শুনুন, ‘ব্যাটসম্যানরা নব্বইয়ের ঘরে আউট হলে নিজেকে দোষারোপ করতাম। আমার একটা কুসংস্কার ছিল, কোনো ব্যাটসম্যান শতকের কাছাকাছি থাকতে হাতে ক্যামেরা তুলে নিলে সে আউট হয়ে যেত।’
ভারতের সাবেক এই অধিনায়কের অন্যতম পছন্দের ছবি হলো, দিল্লিতে শচীন টেন্ডুলকার শতক তুলে নেওয়ার পর স্কোরবোর্ডে তাঁর নামের পাশে ১০০ সংখ্যাটা ফ্রেমে রেখে ছবি তুলেছিলেন।