বাবার অসমাপ্ত মিশনে ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম লাথাম
টম লাথাম

এডমুন্ড হিলারি নয়, প্রথম এভারেস্টে নাকি উঠেছিলেন জর্জ ম্যালরি। কিন্তু এর কোনো প্রমাণ নেই। সেই প্রমাণের হদিস এখনো চলছে। তবে এভারেস্ট–জয়ীর তালিকায় জর্জ ম্যালরি নামটা কিন্তু ঠিকই আছে। ম্যালরি সিনিয়র ব্যর্থ হওয়ার পর তাঁরই নামে নাম রাখা নাতি ম্যালরি জুনিয়র ১৯৯৫ সালে জয় করেছিলেন এভারেস্ট। এভারেস্টের চূড়ায় দাদুর একটা ছবিও রেখে এসেছিলেন ম্যালরি জুনিয়র, যে ছবির নিচে লেখা ছিল: ‘আনফিনিশড বিজনেস’!
হিলারিরই দেশের ছেলে টম লাথাম ঠিক এভারেস্ট জয় করেননি। তবে তিনিও যেন বংশের অসমাপ্ত একটা মিশন নিয়ে এসেছেন। বাবা রড লাথাম নিউজিল্যান্ডের হয়ে নিজের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি পেয়েছিলেন। যদিও আর দুটো টেস্ট খেলেই শেষ হয়ে যায় তাঁর ক্যারিয়ার। রডের ছেলে লাথাম যেন পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা নিয়েছেন সুযোগ হিসেবে।
আবুধাবিতে আগের টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। টানা সেঞ্চুরি এল আজ দুবাইয়েও। শুধু তা–ই নয়, ৬ টেস্টে দুই সেঞ্চুরি আর তিন ফিফটি দিয়ে টম বুঝিয়ে দিয়েছেন, ক্রিকেটে লাথাম পরিবারের সংক্ষিপ্ত ইতিহাসটা সংক্ষিপ্তই রেখে দেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। নিউজিল্যান্ডের ক্রিকেটে তিনি অনেক দিন ধরেই থাকতে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজেই যেমন টানা তিন ইনিংসে খেলেছিলেন সত্তর–আশির ঘরের তিনটি ইনিংস। আজকের মতো ধৈর্য ধরে রাখতে পারলে সেই তিনটিও রূপ নিত সেঞ্চুরিতে।
আজ টম সেই সকাল বেলা নেমেছিলেন। মাঠ ছাড়লেন দিনের খেলা শেষ হওয়ার পর। নামের পাশে অপরাজিত ১৩৭ রান। দুবাই টেস্টের প্রথম দিনটা দারুণভাবে শেষ করল নিউজিল্যান্ডও। ৩ উইকেটে তাদের সংগ্রহ ২৪৩। ২৫৮ বলের ইনিংসটায় ১১টি চার আর একটা ছক্কা হাঁকিয়ে টম বুঝিয়ে দিয়েছেন, হাতে স্ট্রোকের কমতিও নেই। প্রয়োজনে অস্ত্রটা বের করার বিদ্যাও আছে তাঁর পেটে।
নিউজিল্যান্ড ক্রিকেটে বাবা–ছেলের জোড়া সেঞ্চুরির কীর্তি আগেও ছিল। লাথামদেরটি যেমন তৃতীয় উদাহরণ। এর আগে রিচার্ড আর ওয়াল্টার হ্যাডলি এবং হামিশ ও কেন রাদারফোর্ডদের মাধ্যমে পিতা–পুত্রের সেঞ্চুরির ঘটনা দেখেছিল নিউজিল্যান্ড। আবুধাবিতে সেঞ্চুরি করে সেই কীর্তিতে লাথাম পরিবারের নাম লেখার পর টম বলেছিলেন, বাবার সঙ্গে স্কাইপিতে কথা বলবেন। বলবেন, বাবা দেখো, তোমার মতো আমার নামের পাশেও এখন একটা সেঞ্চুরি।
আজ হয়তো আবার স্কাইপিতে পিতা–পুত্রের কথা হবে। গর্বিত পিতা শুনবেন, ছেলে বলছে, ‘কী বাবা, তোমাকে তো ছাড়িয়েই গেলাম!’