বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণের প্রতিজ্ঞায়...

একটা সময় মা মোটেও চাইতেন না, মোসাদ্দেক হোসেন ক্রিকেটার হোক। তবে সময় পাল্টে দিয়েছে জীবনের ছবিটাই। মা হোসনে আরা বেগম এখন খুব করে চান, ব্যাটে-বলে ছেলে এগিয়ে যাক দুরন্ত গতিতে।
এগোচ্ছেন, মোসাদ্দেক এগোচ্ছেন ভালোভাবেই। জাতীয় লিগে এ বছর ফেব্রুয়ারিতে এক সপ্তাহের ব্যবধানে পর পর দুটো ডাবল সেঞ্চুরি। রংপুরের বিপক্ষে ২৫০ আর চট্টগ্রামের বিপক্ষে ২৮২। গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে অপরাজিত ২০০ রানের দারুণ এক ইনিংস। বাংলাদেশের কেউ এত দিন যেটা করতে পারেনি, ডান হাতি উঠতি ব্যাটসম্যান সেটাই করে দেখালেন মাত্র আট ম্যাচে। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি। এ বছর ছয় সেঞ্চুরিতে এক পঞ্জিকাবর্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ডটাও নতুন করে লিখলেন গতকাল। অথচ তাঁর বয়স মাত্র ১৯ বছর।
বাবা আবুল কাশেম ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার চাকুরে। মোসাদ্দেকের জীবনে এ মানুষটির প্রভাব প্রবল। মূলত বাবার উৎসাহে ক্রিকেটে হাতেখড়ি। যখন কুঁড়িটা ক্রমেই বড় হচ্ছে, তখনই চলে গেলেন বড় অবলম্বন। আট বছর আগে বাবা মারা যাওয়ার পর বিরাট এক হোঁচটই খেতে হলো মোসাদ্দেককে। এগিয়ে যাওয়ার পথটা এবার দেখিয়ে দিলেন মা।
গত সন্ধ্যায় খুলনা থেকে মুঠোফোনে মোসাদ্দেক শোনাচ্ছিলেন জীবনের ফেলে আসা দিনগুলোর গল্প, ‘ক্রিকেটার হওয়ার পেছনের পথটা মোটেও সহজ ছিল না। বাবা মারা যাওয়ার পর মাকে অনেক কষ্ট করতে হয়েছে। পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে পারিনি। ভবিষ্যতে কী করব—নানা চিন্তা ছিল মাথায়। তবে মায়ের পূর্ণ সমর্থন ছিল বলেই ক্রিকেট চালিয়ে যেতে পেরেছি। অথচ একটা সময় তিনি চাইতেন না আমি খেলাধুলা করি। বাবা মারা যাওয়ার পর ভাবনায় পরিবর্তন এসেছে। তিনি এখন চান বাবার অসম্পূর্ণ স্বপ্নটা যেন আমরা পূরণ করি।’
গতকাল করা ডাবল সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন বাবাকেই। বললেন, ‘ক্রিকেটে আমার সব অর্জন বাবাকে উৎসর্গ করি। এ ডাবল সেঞ্চুরিটাও ব্যতিক্রম নয়। আফসোস, বাবা কোনো অর্জনই দেখতে পাবেন না। এ আক্ষেপ বয়ে বেড়াতে হবে আজীবন।’
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন নিয়মিতই। এর আগের সাতটি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন পাঁচ সেঞ্চুরি ও দুই ফিফটি। ফিফটির বিপরীতে সেঞ্চুরি বেশি হওয়াটা প্রমাণ করে উইকেটে থিতু হলে ইনিংসটা বড় করার দারুণ সক্ষমতা রয়েছে তাঁর। বললেন, ‘৫০ রান হলে চেষ্টা করি সেটা ১০০ করতে বা ১০০ কে ১৫০, এরপর ১৫০ কে ২০০-এ পরিণত করা—এভাবে ভাগে ভাগে এগিয়ে যায়।’
বয়সভিত্তিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করছেন, স্বপ্ন দেখতেই পারেন জাতীয় দলে খেলার। তবে সে স্বপ্নটা আপাতত মনের ভেতর লুকিয়েই রাখছেন। আপাতত ধ্যানজ্ঞান কেবলই পারফর্ম করা, ‘আমার কাজ পারফর্ম করা। জাতীয় দলে সুযোগের ব্যাপারটা নির্বাচকদের হাতে। তারা নিশ্চয় সব লক্ষ্য করছেন। এ নিয়ে খুব একটা ভাবছি না। ভাবছি কেবল নিজের পারফরম্যান্স নিয়েই। তবে আর সব ক্রিকেটারের মতো আমারও স্বপ্ন জাতীয় দলে খেলা।’
সে স্বপ্ন পূরণে একেকটা সিঁড়ি ভেঙে ক্রমেই এগিয়ে চলছেন ময়মনসিংহের এ অলরাউন্ডার।