বাবার জন্যই ল্যাথামের কাছে সেঞ্চুরিটি 'স্পেশাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা রড ল্যাথামের সঙ্গে ছেলে টম। ফাইল ছবি।
বাবা রড ল্যাথামের সঙ্গে ছেলে টম। ফাইল ছবি।

ক্যারিয়ারে এর আগেও তিনটি সেঞ্চুরি করেছিলেন। তবে কালকের সেঞ্চুরিটি যে বিশেষ কিছু ছিল, টম ল্যাথাম তিন অঙ্ক ছোঁয়ার পরও সেটি বুঝতে পারেননি। মাঠ ছাড়ার পরেই জেনেছেন, বাবার কীর্তির পুনরাবৃত্তি করেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার। ২৪ বছর আগে বুলাওয়েতে বাবা রড ল্যাথাম সেঞ্চুরি করেছিলেন। সেই বুলাওয়েতেই জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেলেন ছেলে টম।

১৯৯২ সালে বুলাওয়েতে প্রথমবারের মতো টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। সেবারই ডানহাতি রড ল্যাথাম করেছিলেন ১১৯। মাত্র চার টেস্টেই শেষ হয়ে গিয়েছিল বড় ল্যাথামের ক্যারিয়ার, ওই ম্যাচের আগে–পরে আর সেঞ্চুরিও পাননি। তবে সেঞ্চুরি করে ফেলার পরও টম খেয়াল করেননি, বাবার কীর্তিধন্য মাঠে সেঞ্চুরি পেয়ে গেছেন। সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি, ১০৫ রানে আউট হয়ে গেছেন। ম্যাচ শেষে টম নিজেই জানিয়েছেন, ‘মাঠ ছাড়ার আগে আমি ব্যাপারটা খেয়াল করিনি। দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার ব্যাপারেই শুধু ভাবছিলাম। নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করতে পেরে আমি গর্বিত। আর বাবা এখানে সেঞ্চুরি পেয়েছেন, সে জন্য এটা আরও স্পেশাল মনে হচ্ছে।’

কী অদ্ভুত, ওই ১৯৯২ সালেই টমের জন্ম। রড ল্যাথামের টেস্ট ক্যারিয়ার খুব বড় হয়নি, ছেলে টম এর মধ্যেই খেলে ফেলেছেন ১৮টি টেস্ট। সামনে নিশ্চয় বাবাকে ছাড়িয়ে আরও অনেক দূর যাবেন!