বাবার বন্ধুদের 'বড়লোক' বানিয়ে দিলেন হ্যাজেলউড!

ছেলের টেস্ট ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি আনন্দ হয় বাবার। তবে আজ অস্ট্রেলিয়ার ৪৪০তম টেস্ট ক্রিকেটার হিসেবে জশ হ্যাজেলউডের অভিষেকে বাবা ট্রেভরের চেয়েও সম্ভবত বেশি খুশি হয়েছেন বাবার বন্ধুরা। আজ থেকে নয় বছর আগের কথা। হ্যাজেলউডের বয়স তখন মাত্র ১৫ বছর। সে সময় ট্রেভরের বন্ধুরা বাজি ধরেছিলেন, হ্যাজেলউড একদিন টেস্ট খেলবে। অবিশ্বাস্য ছিল সেই বাজির দর। ৫০০-১। সেই বাজিতে ১০০ অস্ট্রেলিয়ান ডলার ধরেই এখন ট্রেভরের বন্ধুরা পকেটে পুরছেন ৫০ হাজার অস্ট্রেলীয় ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটি ৩১ লাখ ৭৩ হাজার টাকা!
এই গল্প জানিয়ে ট্রেভর বলেছেন, ‘ওর বয়স যখন ১৫, সে সময়ই ওরা বাজিটা ধরে। বাজির দর ছিল ৫০০-১। ওরা ১০০ ডলার করে বাজি ধরেছিল। ওরা যে সময় ইংল্যান্ডে ছিল, সে সময়ই বাজিটা ধরা হয়। বাজিটা ছিল এমন, জশ ৩০ বছর হওয়ার আগেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলবে।’
গত ৮ জানুয়ারি, ২৪তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলে সেই বাজিটা মাত করে দিলেন হ্যাজেলউড। শুধু তা-ই নয়, আজ দিনের সেরা বোলারও ছিলেন তিনি। ৪৪ রানে নিয়েছেন ২ উইকেট। বাবার এখন আক্ষেপই হচ্ছে এই ভেবে, ‘ইশ্, সেদিন যদি আিমও ১০০ ডলার বাজি ধরতাম!’
কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরের সময়ই অভিষেক হয়ে যেতে পারত হ্যাজেলউডের। কিন্তু পার্থ টেস্টে সেবার দ্বাদশ খেলোয়াড় ছিলেন। একটুর জন্য সেরা একাদশে জায়গা মেলেনি। সে সময় বাবার বন্ধুরা নাকি উত্তেজনায় আঙুলের সব নখ দাঁত দিয়ে কেটে ফেলেছিলেন! তবে দেরিতে হলেও বাজিটা তো জিতলেন!
হ্যাজেলউডের এই বাজির গল্প মনে করিয়ে দিচ্ছে আইরিশ গলফার ররি ম্যাকইলরয়ের বাবার ‘ধনকুবে’র হয়ে যাওয়ার গল্পটা। ১০ বছর আগে ম্যাকইলরয় সিনিয়র বাজি ধরেছিলেন তাঁর ছেলে ব্রিটিশ ওপেন জিতবে। গত জুলাইয়ে সেই বাজি সত্যি হওয়ায় ১ লাখ ৮০ হাজার ডলার জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১৯ লাখ টাকারও বেশি! এএফপি।