বাবার 'বোঝা' নামালেন ছেলে
>

২৩ বছর ধরে যে ভারটা বয়ে বেড়াচ্ছিলেন জিমি কুক, ছেলে সেই বোঝা থেকে তাঁকে মুক্তি দিলেন অভিষেকেই সেঞ্চুরি করে
জেমস অ্যান্ডারসন বলটা করলেন লেগ স্টাম্পের দিকে হাফভলি ধরনের। প্রথম বলটা বোধ হয় এর চেয়ে সহজ আর পেতেন না স্টিভেন কুক। স্কয়ার লেগে বলটা সীমানাদড়ি পার হতে গ্যালারির এক ভদ্রলোক যেন চেপে রাখা নিশ্বাসটা ছেড়ে দিলেন। ২৩ বছর ধরে যে ভারটা বয়ে বেড়াচ্ছিলেন জিমি কুক, ছেলে সেই বোঝা থেকে তাঁকে মুক্তি দিলেন অভিষেকেই সেঞ্চুরি করে।
১৯৯২ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন জিমি, তা-ও আবার প্রথম বলেই। পরশু ছেলে স্টিভেন প্রথম বলে চার মেরেই থেমে থাকেননি, শেষ পর্যন্ত করেছেন সেঞ্চুরি। ৩৩ বছর বয়সে অভিষেকেই স্বপ্নের মতো এক সেঞ্চুরি। স্টিভেন পরে জানিয়েছেন, বাবা আগে তাঁকে প্রথম বলটা দেখে খেলার পরামর্শ দিয়েছিলেন, ‘আমার সঙ্গে আগের রাতে কথা হয়েছিল তাঁর। বলেছিলেন, ‘তুমি যদি প্রথম বলে আউট না হও তাহলেই আমার চেয়ে ভালো করে ফেলবে।’ ভাগ্য ভালো, বলটা প্যাডের ওপর পড়েছিল।’ পরে জিমিও রসিকতা করেছেন ছেলের কীর্তি নিয়ে, ‘বলটা ও প্যাডের ওপর পেয়েছিল। ইশ, কপিলও যদি আমাকে এ রকম একটা বল দিত!’
জিমের অনানুষ্ঠানিক অভিষেক অবশ্য ৩৩ বছর আগে। দক্ষিণ আফ্রিকা তখন ক্রিকেট থেকে নির্বাসিত। ইংল্যান্ডে ১৯৮১-৮২ সালের বিদ্রোহী সফরে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছিলেন। ছেলে স্টিভেনের জন্মও ওই বছর। অভিষেকেই সেঞ্চুরি পাওয়ায় বাবার কাছে কৃতজ্ঞ স্টিভেন, ‘তার ছোড়া বলেই আমি ব্যাটিং শিখেছি। এই সেঞ্চুরিটাও তাঁর জন্য।’
নিজের একটি অপ্রাপ্তি ঘুচিয়েছে সন্তান, অথচ একটা সময় ছেলের টেস্ট অভিষেকের আশা ছেড়েই দিয়েছিলেন কুক সিনিয়র। গ্রায়েম স্মিথ-অ্যাশওয়েল প্রিন্স-আলভিরো পিটারসেনদের যুগে বছরের পর বছর উপেক্ষার যন্ত্রণাই সইতে হয়েছে স্টিভেনকে। দক্ষিণ আফ্রিকার রেকর্ড ৩৯০ রানসহ ৩৫টি প্রথম শ্রেণির সেঞ্চুরির মালিককে অবশেষে সুযোগ না দিয়ে পারেননি নির্বাচকেরা। তবে তাঁর দুয়ারটা আসলে খুলে দিয়েছে ওপেনারদের ব্যর্থতাই। জিমি একটু পেছনে ফিরে গেলেন, ‘সে জন্মগতভাবে অতটা প্রতিভাবান নয়, অনেক খেটে সে নিজেকে এখানে এনেছে। আমি মনে করেছিলাম, সে আর টেস্টই হয়তো খেলতে পারবে না।’
কিন্তু ছেলে যে তাঁর অন্য ধাতুতে গড়া। অনেক বঞ্চনার মধ্যেও স্টিভেন আশার বাতিঘরটা ঠিকই জ্বালিয়ে রেখেছিলেন, ‘আশা ছেড়ে দিলে আমি কখনোই এখানে আসতে পারতাম না। আমি জানতাম একদিন না একদিন সুযোগ আসবে।’ ভাগ্য ভালো যে সঙ্গী হিসেবে ক্রিজে এমন একজনকে পেয়েছেন, যাঁর সঙ্গে সেই অনূর্ধ্ব-১৯ দলের খেলার সময় থেকেই বন্ধুতা, ‘হাশিমের মতো একজনকে পাওয়া দারুণ ব্যাপার। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে সে আমাকে সাহায্য করেছিল।’ নির্মম বাস্তবতা এই যে হাশিম আমলা স্টিভেনের চেয়ে ৪ মাসের ছোট, কিন্তু স্টিভেনের অভিষেকের আগে ৯১ টেস্ট খেলা হয়ে গেছে আমলার!
শুরুটা যখন স্বপ্নের মতো হলো, সামনের পথটায় আরও আলো দেখতেই পারেন স্টিভেন কুক। আর চোখের সামনেই তো ক্রিস রজার্স, অ্যাডাম ভোজেসদের দেরিতে সুবাস ছড়াতে দেখেছেন। তবে কুক জুনিয়রের চোখ এখনই অত দূর যাচ্ছে না, ‘ওরা দুজনই (ভোজেস ও রজার্স) আমার বিশ্বাসটা জাগিয়ে রেখেছে। তবে এখনই আমি খুব বেশি ভাবতে চাইছি না।’ এএফপি, রয়টার্স।