বাভুমাই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেম্বা বাভুমা
টেম্বা বাভুমা

ক্রিসমাসের ছুটি এবার যুক্তরাষ্ট্রে কাটাবেন, অনেক আগেই ঠিক করে রেখেছিলেন কেপটাউনের বাভুমা দম্পতি। ভাবতেও পারেননি, সেই পরিকল্পনায় বাগড়া দেবেন তাঁদের ছেলে। ভাবতে পারেননি, সেই বাগড়া দেওয়াটাও কত মধুর!
ছেলে তাঁদের ক্রিকেট খেলে। ভালোই খেলে। কদিন আগে জায়গা পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডেও। তখনো পরিকল্পনা বদলের কথা ভাবেননি বাভুমা দম্পতি। ছেলে নিজেও তো এটিকে ধরে নিয়েছিলেন, স্রেফ পানি টানা আর দলের হাওয়া-বাতাস গায়ে লাগানোর সিরিজ। কে জানত, সুযোগ এসে যাবে টেস্ট ক্রিকেটেরই অংশ হয়ে যাওয়ার! সেটাও উৎসবের বক্সিং ডে টেস্টে! চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেনি জেপি ডুমিনি, অভিষেক হয় স্টিয়ান ফন জিলের। ওই টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন উইকেটকিপার কুইন্টন ডি ককও। এদিকে ডুমিনিরও ফেরা হয়নি। আজ তাই টেস্ট ক্যাপ পেয়ে যাচ্ছেন টেম্বা বাভুমা! যুক্তরাষ্ট্রে উড়ানের টিকিট বাতিল করে বাবা-মা আজ থাকবেন গ্যালারিতে। আরও বড় উৎসবের রং গায়ে মাখতে!
মাঠে নেমে আজ ইতিহাসের অংশও হয়ে যাচ্ছেন বাভুমা। ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানই হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পেশালিস্ট ব্যাটসম্যান! প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড যদিও খুব সমৃদ্ধ নয় (৬৮ ম্যাচে গড় ৩৫.৯৫), তবে গত আগস্টে ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ১৬২ রানের ইনিংসটিতেই পেয়ে গেছেন টেস্ট দলের টিকিট।
এই বাভুমা প্রেরণা হতে পারেন প্রতিপক্ষের জন্যও। সিরিজে টিকে থাকতে হলে এমন দারুণ কিছুই করতে হবে ক্যারিবিয়ানদের! প্রথম টেস্টের অনেকটা বৃষ্টির পেটে যাওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ সাড়ে তিন দিনে হেরেছিল ইনিংস ও ২২০ রানে। শক্তি-সামর্থ্যে দুই দলের ব্যবধান এতটাই যে, লড়াই করতে হলেও নিজেদের ছাড়িয়ে যেতে হবে ক্যারিবিয়ানদের। সিরিজে নিজেদের ছাপ কিছু রাখতে হলে সত্যিকার সুযোগ এটাই। খানিকটা মন্থর, ব্যাটিং উপযোগী উইকেট এই পোর্ট এলিজাবেথে। ঘরের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি পাবেন রামদিনরা এখানেই। দক্ষিণ আফ্রিকায় ক্যারিবিয়ানদের একমাত্র জয়টিও এই মাঠেই, ২০০৭ সালে ক্রিস গেইলের দল জিতেছিল ১২৮ রানে। কিন্তু বিবর্ণ ফর্ম আর মাঠের বাইরের নানা বিতর্কে জেরবার এই দলের সামর্থ্য কোথায় সেটির পুনরাবৃত্তি করার! উল্টো সেরা বোলার কেমার রোচকে চোটের কারণে হারিয়ে সেটি আরও দুর্বল। তাঁর জায়গায় খেলবেন শ্যানন গ্যাব্রিয়েল। ডি কক না থাকায় দক্ষিণ আফ্রিকার কিপিং গ্লাভস পড়বেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের কথা ভেবেই পেসার কাইল অ্যাবটের বদলে একাদশে আসছেন লেগ স্পিনার ইমরান তাহির।
গতকালও অবশ্য ঘাসের ছোঁয়া ছিল সেন্ট জর্জেস পার্কের উইকেটে। তবে আজ সকালে সব ছেঁটে ফেলার কথা। ওয়েস্ট ইন্ডিজও কি ছেঁটে ফেলতে পারবে প্রথম টেস্টের দুঃস্বপ্ন? এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।