বারণ না শুনে কুমির ডেকে এনেছিলেন সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

• সৌরভের পরামর্শে গ্রেগ চ্যাপেলকে কোচ বানায় ভারতীয় ক্রিকেট বোর্ড
• চ্যাপেলকে কোচ বানানোর আগে দুবার ভাবার পরামর্শ দিয়েছিলেন সুনীল গাভাস্কার ও জগমোহন ডালমিয়া
• কোচ চ্যাপেলই সৌরভকে দল থেকে ছেঁটে ফেলার উদ্যোগ নেন

২০০৬ সালের দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের মানুষ নাকি ‘অসুরে’র মুখটা গ্রেগ চ্যাপেলের মুখের আদলে বানানোর ফরমাশ করেছিল। তা চ্যাপেল কী করে ভারতীয় ক্রিকেটের অসুর হলেন? উত্তরটা হয়তো অনেকেরই জানা। এক যুগ পেরিয়ে গেলেও চ্যাপেলের টেস্ট দল থেকে সৌরভ গাঙ্গুলীর হঠাৎ করেই বাদ পড়ার কথা কীভাবে ভোলে ক্রিকেট-বিশ্ব!
অথচ খাল কেটে কুমির কিন্তু গাঙ্গুলীই এনেছিলেন। নিজের সর্বনাশ বলতে যা বোঝায় গাঙ্গুলী সেটা করেছিলেন দল থেকে বাদ পড়ার আগের বছর। ২০০৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড জন রাইটের উত্তরসূরি হিসেবে হন্যে হয়ে ভালো একজন কোচ খুঁজছিল। চ্যাপেলকেই ভারতের কোচ হওয়ার জন্য যোগ্য মনে হয়েছিল সেই সময়ের অধিনায়ক গাঙ্গুলীর। নিজের নতুন বই আ সেঞ্চুরি ইজ নট এনাফ-এ এমনটাই লিখেছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘আমি ভেবেছিলাম, অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে আমাদের এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য যোগ্য লোক গ্রেগ চ্যাপেলই। বিসিসিআই যখন কোচ খুঁজছিল, আমি ডালমিয়াকে নিজের মতামত জানিয়েছিলাম।’
গাঙ্গুলীকে অবশ্য তখনই অনেকে পরামর্শ দিয়েছিলেন, চ্যাপেলকে কোচ করে না আনার জন্য। সেই পরামর্শদাতাদের অন্যতম ছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার, ‘সুনীল গাভাস্কার আমাকে বলেছিলেন, “সৌরভ বিষয়টি নিয়ে ভাবো। তাঁর সঙ্গে দল চালাতে গিয়ে তোমাকে সমস্যায় পড়তে হতে পারে। তাঁর অতীত কোচিং রেকর্ডে কিন্তু ভালো কিছু নেই।’ গাঙ্গুলীর সঙ্গে জরুরি আলোচনা করে ডালমিয়াও একই রকম কথা বলেছিলেন। গাঙ্গুলী লিখেছেন, ‘একদিন সকালে ডালমিয়া তাঁর বাড়িতে আমাকে জরুরি আলোচনার জন্য ডাকেন। তিনি বলেন তাঁর ভাই ইয়ানও মনে করে, ভারতের জন্য গ্রেগ হয়তো ঠিক লোক হবে না।’
এমন সব আলোচনার পরও ২০০৫ সালের মে মাসে ভারতের কোচ হয়ে আসেন গ্রেগ। তাঁকে কোচ করে এনে কী ভুল করেছেন, সেটা ওই বছরের শেষের দিকে টের পেতে শুরু করেন গাঙ্গুলী! সেই সময়েই ওয়ানডে দলে জায়গা হারান, পরে নেতৃত্বও। পরের বছর প্রথমে টেস্ট দলের নেতৃত্ব হারান, পরে জায়গাও। প্রায় এক যুগ কেটে গেলেও এখনো সেটা মানতে পারেন না গাঙ্গুলী, ‘২০০৫ সাল আমার জীবনের সবচেয়ে টালমাটাল অধ্যায় হয়ে আছে। হঠাৎ করে নেতৃত্ব কেড়ে নেওয়া হয় বলেই শুধু নয়। আমি দল থেকেই বাদ পড়ে গেলাম। মহারাজ থেকে হঠাৎ আমি হয়ে গেলাম নিপীড়িত প্রজা। এটা লিখতে গিয়েও রাগ হচ্ছে আমার। যেটা ঘটেছিল তা অভাবনীয়, অগ্রহণযোগ্য, ক্ষমার অযোগ্য।’
বইয়ের নাম কেন আ সেঞ্চুরি ইজ নট ইনাফ রেখেছেন, সেটাও বোঝা যাবে এই অংশে, ‘বিজয়ী কোনো অধিনায়কের এমন না বলে-কয়ে বাদ পড়ার উদাহরণ ইতিহাসে খুব বেশি নেই। তা-ও আবার সর্বশেষ টেস্ট সিরিজে একটি সেঞ্চুরি করার পর। ভারতের ক্রিকেটে এমন উদাহরণ আর নেই, ভবিষ্যতে এমনটা হবে বলেও সংশয় আছে।’
গাঙ্গুলীর মতো খাল কেটে আর কোনো কুমির ভারতের ভবিষ্যৎ কোনো অধিনায়ক আনলে তো!