বারবার কেন অস্ট্রেলিয়াই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নির্বিঘ্নেই খেলে গেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ফাইল ছবি
বাংলাদেশে নির্বিঘ্নেই খেলে গেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ফাইল ছবি

গত অক্টোবরে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দুবারই কারণ একই—বাংলাদেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের ঘিরে নিরাপত্তা শঙ্কা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড আজ এই ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আমরা হালকাভাবে সিদ্ধান্তটি নিইনি। টুর্নামেন্টের আয়োজকদের, বিশেষ করে বিসিবি ও আইসিসির, অনেক অসুবিধা হবে এই সিদ্ধান্তের কারণে। এর জন্য আমরা দুঃখিত।’
অক্টোবরেও একই ভাবে দুঃখ প্রকাশ করেছিলেন সাদারল্যান্ড। তবে সেই সময় আর বর্তমান সময়—বাংলাদেশে অস্ট্রেলিয়ানদের ঘিরে নিরাপত্তা ঝুঁকিটা এখনো একই আছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে কেন বারবার অস্ট্রেলিয়াই বাংলাদেশে আসতে চাইছে না?
তিন মাস আগে অস্ট্রেলিয়ার ওই সিদ্ধান্তের পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের দলও নিরাপত্তার শঙ্কা দেখিয়ে বাংলাদেশে আসেনি। কিন্তু এর আগে-পরে বাংলাদেশে কোনো ধরনের খেলার কোনো টুর্নামেন্টই থেমে থাকেনি।
গত বছরই অস্ট্রেলিয়ার ওই প্রস্তাবিত সিরিজের আগে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলে গেছে বাংলাদেশে। অস্ট্রেলিয়ারই ফুটবল দলও বাংলাদেশে ২০১৮ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলে গেছে। এটা ঠিক, তখনো নিরাপত্তা শঙ্কা মাথায় রেখে ম্যাচের ঠিক আগে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। চলেও গিয়েছিল ম্যাচের পরই, অনেকটা মাঠ থেকেই বিদায়। কিন্তু গ্যালারিতে নেচে-গেয়ে ঠিকই উৎসব করে গেছেন অস্ট্রেলিয়ান সমর্থকেরা। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে দুদিন আগ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। 

অস্ট্রেলিয়ার ওই ম্যাচের পর নেপাল ফুটবল দলও কদিন আগে বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলে গেছে। তিন দিন পর থেকে ৬টি দেশকে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ।
আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছাড়া বাকি ১৪ দল তো আছেই। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ইংল্যান্ড, কিংবা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর একটি কানাডা, পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা, আর অস্ট্রেলিয়ারই তাসমানিয়ান প্রতিবেশী নিউজিল্যান্ড আসবে বলেই আশা করা যাচ্ছে। এমনকি সেবার মেয়েদের দল না পাঠালেও এবার দক্ষিণ আফ্রিকা তাদের দল পাঠাবে বলেই জানা গেছে। অন্তত এখনো অস্ট্রেলিয়ার মতো আসবে না এমন ঘোষণা দেয়নি তারা।
আর টুর্নামেন্টের আয়োজক বিসিবি হলেও পুরো টুর্নামেন্টের দায়িত্ব থাকবে আইসিসির হাতে। বিসিবির কাছ থেকে ক্রিকেট দলগুলোর উচ্চস্তরের নিরাপত্তার আশ্বাস ও নিরাপত্তার সব খুঁটিনাটি জেনে তারা ‘যথেষ্ট সন্তুষ্ট’। তাহলে বারবার অস্ট্রেলিয়াই কেন বাংলাদেশে আসতে চাইছে না, এমন প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছে ক্রিকেট-প্রেমীদের মনে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী অবশ্য শুধু ক্রিকেটার নয়, বাংলাদেশে থাকা সকল অস্ট্রেলিয়ান নাগরিককে ঘিরেই এই নিরাপত্তা শঙ্কা আছে বলে জানিয়েছেন। বাংলাদেশে থাকা কূটনৈতিক কর্মকর্তাদেরও শিগগিরই দেশে ফিরে যেতে অস্ট্রেলিয়ার সরকার থেকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানালেন সাদারল্যান্ড। গত সপ্তাহেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করে গেছেন। মেলবোর্নে ফিরে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে তাঁর প্রতিবেদন জমা দিয়েছেন। এরপর অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গেও বৈঠকের পর ‘নির্ভরযোগ্য তথ্যের’ ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছেন সাদারল্যান্ড।