বারবার ফিরে আসে যে ম্যাচগুলোর স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-পাকিস্তানের আরেকটি মহারণ আজ। ছবি: রয়টার্স
ভারত-পাকিস্তানের আরেকটি মহারণ আজ। ছবি: রয়টার্স

বাতাসে কি পাওয়া যায় উসখুস বারুদের ঘ্রাণ, ফুঁসে ওঠা দেশলাইয়ের কাঠির চুম্বনের অপেক্ষায় যে বারুদ! কান পাতলে কি পাওয়া যায় রণ দুন্দুভির বাজনা? আইসিসির আরেকটি টুর্নামেন্টে শ্রেষ্ঠত্বের লড়াই...ভারত বনাম পাকিস্তান কিংবা পাকিস্তান বনাম ভারত—আজ ওয়াগা সীমান্তে বাড়তি উত্তেজনা দেখা দিলে নিশ্চয়ই অবাক হবেন না! এমনিতে দ্বিপক্ষীয় সিরিজে দুই দলের দেখা-সাক্ষাৎ ইদানীং খুব একটা হয় না। আইসিসির টুর্নামেন্ট তাই ভরসা। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে স্মৃতিতে ফিরে আসবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কিছু জমজমাট লড়াই।

১৯৮৬ অস্ট্রেলিয়াশিয়া কাপ: পাকিস্তান ১ উইকেটে জয়ী
প্রথম অস্ট্রেলিয়াশিয়া কাপে অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৮ এপ্রিল ১৯৮৬, শারজায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। টস জিতে ফিল্ডিং নিল পাকিস্তান। ৫০ ওভারে ৭ উইকেটে ভারত করল ২৪৫। রোমাঞ্চকর এক সমাপ্তিতে ম্যাচটা ১ উইকেটে জেতে পাকিস্তান। ওই ম্যাচের একটি দৃশ্য আজও চোখে ভাসে ক্রিকেট অনুরাগীদের—শেষ বলে চেতন শর্মার ফুল টসে জাভেদ মিয়াঁদাদের ছক্কা!

১৯৯২ বিশ্বকাপ: ভারত ৪৩ রানে জয়ী
ব্যাটসম্যানের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে সাধারণত স্লেজিং করেন উইকেটকিপার কিংবা ফিল্ডাররা। কিন্তু ১৯৯২ বিশ্বকাপে উল্টোটা করেন জাভেদ মিয়াঁদাদ। ভারতীয় উইকেটকিপার কিরণ মোরের অভ্যাস ছিল লাফিয়ে লাফিয়ে আপিল করা। এটা যে তাঁর পছন্দ হয়নি, মিয়াঁদাদ সেটি বুঝিয়ে দিয়েছিলেন মোরের সামনাসামনি হয়ে দাঁত-মুখ খিঁচিয়ে কয়েকটি লাফ দিয়ে। তবে ব্যাটে-বলের লড়াইয়ে ভারতকে জবাব দিতে পারেনি পাকিস্তান। ২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা অলআউট ৪৮.১ ওভারে ১৭৩ রানে।

১৯৯৬ বিশ্বকাপ: ভারত ৩৯ রানে জয়ী
১৯৯৬ বিশ্বকাপে বেঙ্গালুরুর কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে গ্রুপ পর্বে ভারত হেরেছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতের ইনিংসের ৪৮ ও ৫০তম ওভারে অজয় জাদেজা ওয়াকার ইউনিসের বলে নিয়েছিলেন ১৮ ও ২২ রান। ২৫ বলে ৪৫ রান করেছিলেন জাদেজা। সর্বোচ্চ ৯৩ রান নভোজৎ সিং সিধুর। ওয়াকারের ওই দুই ওভারে জাদেজা-ঝড়ই শেষ পর্যন্ত গড়ে দিয়েছিল ব্যবধান। পাকিস্তান করতে পেরেছিল ৯ উইকেটে ২৪৮।

পেপসি ইনডিপেনডেন্টস কাপ: পাকিস্তান ৩৫ রানে জয়ী
১৯৯৭ সালের ২১ মে চেন্নাইয়ে সাঈদ আনোয়ারের এক ইনিংসের কাছেই হেরে গিয়েছিল ভারত। ওই ম্যাচে ২২টি চার ও ৫টি ছয়ে ১৪৬ বলে ১৯৪ রান করেছিলেন বাঁহাতি ওপেনার, যেটি ওয়ানডের সর্বোচ্চ ইনিংস হিসেবে টিকে ছিল প্রায় এক যুগ। ম্যাচটা পাকিস্তান জেতে ৩৫ রানে।



২০০৩ বিশ্বকাপ:ভারত ৬ উইকেটে জয়ী
আবারও ভারতের বিপক্ষে সেঞ্চুরি সাঈদ আনোয়ারের। ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল পাকিস্তান। শচীন টেন্ডুলকারের ৭৫ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংসে আকরাম, ওয়াকার, শোয়েব, রাজ্জাকদের নিয়ে গড়া বিশ্বমানের পেস আক্রমণের বিপক্ষেও ২৭৩ রান তাড়া করে জিতেছিল ভারত। তা-ও ২৬ বল বাকি থাকতেই!

২০০৪ চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তান ৩ উইকেটে জয়ী
এজবাস্টনে ভারতকে ২০০ রানে অলআউট করে দিয়ে পাকিস্তান হয়তো ভেবেছিল ম্যাচটা বেশ সহজেই জিতবে। কিন্তু পাকিস্তানের কাজটা কঠিন করে তোলেন ভারতীয় পেসাররা, বিশেষ করে ইরফান পাঠান। মোহাম্মদ ইউসুফের (তখনকার ইউসুফ ইয়োহানা) অপরাজিত ৮১ রানের সৌজন্যে শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় পায় পাকিস্তান।