
ধুন্ধুমার রক অ্যান্ড রোলের পর একটু ধ্রুপদি সংগীত খারাপ কী! আগের দিন ব্রেন্ডন ম্যাককালামের তুলকালামের পর কাল ক্রাইস্টচার্চ সাক্ষী হলো জো বার্নস-স্টিভন স্মিথের ব্যাটের মৌনী সুর মূর্ছনার। দুজনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনেই নিউজিল্যান্ডকে প্রায় ছুঁয়ে ফেলেছে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৭০ রানের চেয়ে মাত্র ৭ রান পিছিয়ে অস্ট্রেলিয়া, উইকেট অক্ষত ৬টি।
একটু হলেও হয়তো চাপ অনুভব করছিলেন জো বার্নস। বিদেশের মাটিতে আগের সপ্তাহে অভিষেকটা ছিল দুঃস্বপ্নের, ৪ বল খেলে ফিরে গিয়েছিলেন কোনো রান না করেই। গতকাল দ্বিতীয় দিন শেষে এখন হয়তো মাথার ওপর থেকে বোঝা নেমে যাওয়ার অনুভূতি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনারের! দেশের প্রথম সেঞ্চুরি তো বটেই, বার্নসের ১৭০ রান নিউজিল্যান্ডের মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ওপেনারের সর্বোচ্চ ইনিংস। স্টিভেন স্মিথের ১৩৮ তাঁর ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি।
অথচ সকালটা নিজেদের করে নেওয়ার আভাস দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। দুর্দান্ত ফর্মে থাকা উসমান খাজা আগের দিনের সঙ্গে ৬ রান যোগ করেই আউট হয়ে গেছেন। কিন্তু ওই পর্যন্তই, এরপর লম্বা একটা সময় বোল্ট-সাউদিদের হতাশাই ‘উপহার’ দিয়ে গেছেন স্মিথ-বার্নস। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ২৮৯ রান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।
৩৫ রানে বার্নস বেঁচে গেছেন রিভিউ নিয়ে। ম্যাট হেনরির বলে তাঁকে কট বিহাইন্ড ঘোষণাই করে দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নেওয়ার পর দেখা যায়, বল তাঁর ব্যাটে নয়, জার্সিতে লেগেছে। শুরুর নড়বড়ে দশাটা কাটিয়ে এরপর খেলেছেন দারুণ সব শট। আউট হয়ে গেছেন দিনের খেলা শেষের সাত ওভার আগে ওয়াগনারের বলে।
দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের আশাটা এখনো বেঁচে আছে ওই ওয়াগনারের কল্যাণেই। বার্নসকে আউট করার পর ফিরিয়ে দিয়েছেন স্মিথকেও। দুবারই চিত্রনাট্যটা একই, স্কয়ার লেগে ওয়াগনারের বলে গাপটিলের ক্যাচ। পরে নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। ক্রাইস্টচার্চের ক্রমেই সহজ হয়ে আসা উইকেটে অস্ট্রেলিয়া আজ অনেক দূরই যেতে চাইবে। ক্রিকইনফো।