বার্নাব্যুতে অপ্রতিরোধ্য রিয়াল

জিনেদিন জিদানকে পেয়েই যেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডারদের গোলের নেশা পেয়েছে। আগের ম্যাচেই দূরপাল্লার এক শটে রিয়ালকে জিতিয়েছিলেন লুকা মডরিচ। আজ গোল পেলেন আরেক মিডফিল্ডার টনি ক্রুস। ক্রুসের সঙ্গে গোল পেয়েছেন হামেস রদ্রিগেজও, আর বার্নাব্যুর বাঘ ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে রিয়াল পেল ৪-২ গোলের সহজ জয়।
খেলার তৃতীয় মিনিটেই গোল করলেন রোনালদো। বক্সের বাম প্রান্ত দিয়ে ঢুকে ডান পায়ের জোরালো শটে রিয়ালকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। কিন্তু বিলবাও জবাব দিতে দেরি করেনি। খেলার ১০ মিনিটে রাফায়েল ভারানে ও কেইলর নাভাসের ভুল বোঝাবুঝির সুযোগে ইরাসো খেলায় সমতা ফিরিয়ে আনেন। এরপর দুই দলই গোলের জন্য ঝাঁপিয়েছে, কিন্তু গোল পাচ্ছিল না কেউই। গেরোটা ভাঙেন হামেস, ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া ওই বাঁকানো শট আটকানোর উপায় ছিল না বিলবাও গোলকিপার ইরাইজজের।
প্রথমার্ধের শেষ মিনিটেই আবারও এগিয়ে গেল রিয়াল। এবার রোনালদোর পাস থেকে গোল করলেন ক্রুস। রিয়ালের জার্সিতে ১৫ মাস পরে গোল পেলেন জার্মান এই মিডফিল্ডার। রিয়ালের হয়ে এটি তাঁর তৃতীয় গোল।
খেলার দ্বিতীয়ার্ধেও দুই দল একের পর এক আক্রমণ করে গেছে কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কেউই। ৮৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভারানে মাঠ ছাড়ার পরই রিয়াল তাদের চতুর্থ গোলটি পায়। লুকাস ভাসকেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো। এর একটু পরেই হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন রোনালদো কিন্তু, গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। উল্টো ৯০ মিনিটে সান্ত্বনার দ্বিতীয় গোল পায় বিলবাও, হেড থেকে গোল করেন গোরকা এলুসতন্দো।
রিয়ালও পায় ৪-২ গোলের সহজ এক জয়।