বার্মি-আর্মি কেন জুতা দেখাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই জুতা দেখাল বার্মি-আর্মি সমর্থকগোষ্ঠী। ছবি: টুইটার
এভাবেই জুতা দেখাল বার্মি-আর্মি সমর্থকগোষ্ঠী। ছবি: টুইটার

ক্রিকেট দল সমর্থক গ্রুপের মধ্যে সবচেয়ে বিখ্যাত ইংল্যান্ডের বার্মি-আর্মি। দলকে অকুণ্ঠ সমর্থন দেওয়া আর গ্যালারিতে মজা করায় তাদের জুড়ি মেলা ভার। ম্যাচের পরিস্থিত যা-ই হোক, দল যেমনই খেলুক, বার্মি-আর্মির কাজ সব সময় ইংল্যান্ড দলকে সমর্থন দিয়ে যাওয়া। এমনকি নিজেদের আঁতে ঘা লাগলে প্রতিপক্ষ খেলোয়াড় থেকে সমর্থক পর্যন্ত যে কাউকে তারা একহাত নিতেও ছাড়ে না। বার্মি-আর্মির ঝাঁজ এমনই!
মেলবোর্ন টেস্টে সেই ঝাঁজ টের পেলেন এক নিরাপত্তাকর্মী। তেমন কিছুই না, গ্যালারিতে খালি পায়ে থাকা বার্মি-আর্মি গোষ্ঠীর এক সমর্থককে তিনি জুতা পরতে বলেছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে সম্ভবত বাদানুবাদও হয়েছিল।
আর যায় কোথায়! প্রতিবাদ হিসেব শ দেড়েক বার্মি-আর্মি নিজেদের পায়ের জুতা খুলে ফেলে! সবাই একসঙ্গে জুতা উঁচিয়ে ধরল মাথার ওপর। তারপর ১৯৭৯ সালের ‘গো ওয়েস্ট’ অ্যালবামের সুরে শুরু হলো গান, ‘শুজ অফ, ইফ ইউ আর ইংল্যান্ড।’ এমন অভিনব প্রতিবাদের মুখে পড়ে সেই নিরাপত্তাকর্মী তো হতবাক। যদিও আশপাশে পুলিশ কর্মীরা দৃশ্যটা বেশ উপভোগ করেছেন।
বার্মি-আর্মির আচরণে মেলবোর্নের নিরাপত্তাকর্মীরা অবশ্য কিছু মনে করেননি। গনগনে সূর্যের নিচে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পায়ে জুতা রাখতে যে ইংরেজদের বেশ কষ্ট হবে, তা সবাই বুঝেছে। তবে বার্মি-আর্মিরা কিন্তু মাঝেমধ্যে মাত্রাও ছাড়িয়ে যায়। এবারের অ্যাশেজেই তো ব্রিসবেন টেস্টে ডেভিড ওয়ার্নারের জীবনসঙ্গী নিয়ে কটূক্তি করে ভীষণ সমালোচনার শিকার হয়েছিল তারা। এ ছাড়াও অস্ট্রেলিয়ার অতীত ইতিহাস আর তাদের খেলোয়াড়দের যৌনজীবন নিয়ে টিটকারী মেরে নিজেদের চিরাচরিত চরিত্র তুলে ধরেছে বার্মি-আর্মি।
তারপরও অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড কিন্তু প্রতিপক্ষ দলের এই দুঁদে সমর্থকগোষ্ঠীকে ভালোবাসেন, ‘রান, উইকেট কিংবা ভালো বলের জন্য সবাই হাততালি দেয়। কিন্তু ওরা (বার্মি-আর্মি) একেবারেই ব্যতিক্রম। এটা সারা দিন ধরে করবে। আমি ওদের ভালোবাসি। হয়তো ওরা জেরুজালেম নিয়ে গান ধরবে, তারপর নিজেদের স্বরচিত গান। এভাবে সারা দিন চলে। মাত্র শ খানেক মানুষ মিলে ওরা গোটা গ্যালারি গরম করতে সক্ষম।’
মজার ব্যাপার, বার্মি-আর্মি নামটা কিন্তু তাদেরই চিরশত্রু অস্ট্রেলিয়ানদের দেওয়া। ১৯৯৪-৯৫ অ্যাশেজে একের পর এক ম্যাচ হারছিল ইংল্যান্ড। কিন্তু তাদের সমর্থন দিতে কুণ্ঠা করেননি দেশ থেকে অস্ট্রেলিয়া উড়ে যাওয়া ইংরেজ ক্রিকেটপ্রেমীরা। তাই দেখে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেই সমর্থকগোষ্ঠীর নাম দিয়েছিল ‘বার্মি-আর্মি’। ‘বার্মি’ অর্থ পাগল বা উন্মাদ। অর্থাৎ কিছু উন্মাদ লোক দেশকে সামরিক (আর্মি) কায়দায় অকুণ্ঠ সমর্থন দিচ্ছে—এটাই ‘বার্মি-আর্মি’। নামের সঙ্গে কাজের কী মিল!

জুতা খুলে প্রতিবাদ জানানোর সেই ভিডিও: