বালক-বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে তিন দিনের ম্যাচে করেছেন ২২৬। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটসম্যান শামীমের তাই এমন উদ্‌যাপন। কাল কক্সবাজারে l সৌজন্য ছবি
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে তিন দিনের ম্যাচে করেছেন ২২৬। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটসম্যান শামীমের তাই এমন উদ্‌যাপন। কাল কক্সবাজারে l সৌজন্য ছবি

ডাবল সেঞ্চুরি দূরে থাক, কখনো তিন অঙ্কের রানেরই দেখা পাননি শামীম পাটোয়ারি। অবশ্য কদিনেরই বা ক্রিকেট ক্যারিয়ার! এখনো বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি ভেঙে চলেছেন। বিকেএসপিতে ভর্তি হয়েছেন ছয় মাসও হয়নি। এই ‘স্বল্পদৈর্ঘ্য’ ক্যারিয়ারেই শামীম কাল পেয়ে গেলেন ডাবল সেঞ্চুরির দেখা। তাঁর দারুণ ইনিংসটিতে ভর করে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) বিপক্ষে তিন দিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৬৫ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন বাংলাদেশের যুবারা। ১৬১ রানে অপরাজিত থাকা শামীমের সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি ছিল, টেলএন্ডারদের নিয়ে দলকে বড় লিড এনে দেওয়ার দায়িত্বও ছিল কাঁধে। নিষ্ঠার সঙ্গেই দায়িত্ব পালন করেছে ১৫ বছর বয়সী ব্যাটসম্যান।
কাল বাকি ৪ উইকেটে ১৩৮ রান যোগ করে অলআউট হওয়ার আগে অনূর্ধ্ব-১৭ দল পেয়ে যায় ১৪৬ রানের লিড। শামীম খেলেছেন ২২৬ রানের অসাধারণ এক ইনিংস। সেঞ্চুরিকে ‘ডাবলে’ রূপ দেওয়া, দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া—এমন চিন্তায় ভালো ঘুম হওয়ার কথা নয় আগের রাতে! না, চাঁদপুরের ছেলে শামীম মোটেই উদ্বিগ্ন ছিলেন না, ‘নাহ! একদমই টেনশন কাজ করেনি। উইকেট ভালো ছিল। বল ভালো ব্যাটে আসছিল। আউটফিল্ডও চমৎকার। কেবল নিজের খেলাটাই খেলেছি।’
ইনিংসটিতে ছিল ২১টি চার, ১০টি ছয়। ৫৪ শতাংশ রানই বাউন্ডারি থেকে। স্কোরকার্ডই বলছে, বাংলাদেশ দলের ইনিংস কতটা ‘শামীমময়’! তাঁর ডাবল সেঞ্চুরিটাকে বাদ দিলে বলার মতো রান করতে পারেননি আর কেউই। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ এসেছে নয়ে নামা ইসহাক আলীর ব্যাট থেকে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিএবি অনূর্ধ্ব-১৭ দল ৩ উইকেটে ১২১ তুলতেই ম্যাচ শেষ। এর মধ্যে সর্বোচ্চ ৪৭ করা শর্নিক ব্যানার্জির উইকেটটি নিয়েছেন শামীম। এমন পারফরম্যান্সে তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দিতে দুবার ভাবতে হয়নি বিচারকদের।