বাসায় বসে ধারাভাষ্য?

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ১৯৬৪ সালে বসতে শুরু করেন ধারাভাষ্যকক্ষে। কিন্তু অস্ট্রেলিয়ার কিংবদন্তি ধারাভাষ্যকার রিচি বেনো গত বছর গাড়ি দুর্ঘটনায় বুকে ও কাঁধে চোট পান। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গত অ্যাশেজে তাই একটা বলও ধারাভাষ্য দিতে পারেননি। ডিসেম্বর–জানুয়ারিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া–ভারত সিরিজেও তাঁর মাঠে যাওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে সমস্যা নেই। মাঠে যেতে না পারলে ৮৩ বছর বয়সী বেনো চাইলে ভারত সিরিজে ধারাভাষ্য দিতে পারবেন বাড়িতে বসেই।
বেনো ধারাভাষ্যকার হিসেবে প্রথম মাইক্রোফোন হাতে নেন আসলে বিবিসি রেডিওতে, তিন বছর পর যোগ দেন বিবিসি টিভিতে। চ্যানেল নাইনের ক্রিকেট ধারাভাষ্য প্যানেলের অন্যতম সদস্য তিনি ১৯৭৭ সাল থেকে। চ্যানেলটির প্রধান নির্বাহী ডেভিড গিনজেল জানিয়েছেন, স্টেডিয়ামে যেতে না পারলে বেনো সিডনিতে নিজের বাড়িতে বসেই ধারাভাষ্য দিতে পারবেন, ‘আমি তাঁর জন্য সেই ব্যবস্থাই রাখব। তিনি যদি এই গ্রীষ্মে মাঠে গিয়ে ধারাভাষ্য দিতে না পারেন, আমি চাইব তিনি বাড়িতে বসেই সেটি করুন।’ এএফপি।