বাসিত আলীর সঙ্গে উমরের 'বেয়াদবি'

উমর আকমল বুঝি ঠিকই করেছেন, ভুল কারণ ছাড়া খবরের শিরোনাম হবেন না। এই তো কদিন আগেই হায়দরাবাদের এক অননুমোদিত নাইট ক্লাবে পুলিশের অভিযানে ধরা পড়েছিলেন। পরে এই ঝামেলা থেকে মুক্তি মিললেও শান্তিতে থাকা যে তাঁর ধাতেই নেই। পাকিস্তানের এই ব্যাটসম্যান এবার খবরে এলেন তাঁর ঘরোয়া ক্রিকেটের দল সুই নর্দান গ্যাস ফিল্ডের কোচ বাসিত আলীর সঙ্গে বাজে আচরণ করে।
করাচি জাতীয় স্টেডিয়ামে কায়েদ-এ-আজম ট্রফির ফাইনালে সুই নর্দান গ্যাস ফিল্ড ও ইউনাইটেড ব্যাংক লিমিটেডের মধ্যকার ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে দিনরাতে। ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে কৌশলগত কারণেই কোচ বাসিত আলী উমরের জায়গায় ব্যাটিংয়ে পাঠান তালাত হোসেনকে। এতেই খেপে যান উমর। সাজঘরে সব খেলোয়াড়দের সামনেই বাসিতের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান, অভিযোগ আছে বাসিতকে উদ্দেশ করে বাজে ভাষাও বেরোয় তাঁর মুখ থেকে।
বাসিত আলী পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার। নব্বইয়ের দশকে পাকিস্তান দলের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে অভিহিত করা হতো তাঁকে। ১৯ টেস্ট আর ৫০ ওয়ানডে খেলা বাসিত আন্তর্জাতিক ক্রিকেটে খুব সফল হয়তো হতে পারেননি; তবে দুই ফরম্যাটেই আছে তাঁর একটি করে সেঞ্চুরি। একে তো কোচ, তার ওপর অনেক সিনিয়র ক্রিকেটার। সেই বাসিতের সঙ্গে বাজে আচরণ করায় উমরকে নিয়ে নিন্দা ঝড় উঠেছে।