বাস্তবতা মানছেন হাথুরুসিংহে

—সেরা খেলোয়াড়টিই দলে নেই। এটা কি একটু হতাশাজনক?
চন্ডিকা হাথুরুসিংহে চটেই গেলেন প্রশ্নটা শুনে। মাথা ঝাঁকিয়ে ঝাঁজাল কণ্ঠে উত্তর, ‘আমি তো হতাশ নই। এটা আপনাদের বক্তব্য। আপনারা বক্তব্য দেবেন, আমি কীভাবে তা নিয়ে মন্তব্য করি...?’
হাথুরুসিংহের প্রতিক্রিয়া এ রকম হতেই পারে। কোনো কোচই চাইবেন না নির্দিষ্ট একজন খেলোয়াড়ের অনুপস্থিতিকে খুব বড় করে দেখাতে। তাতে গোটা দলের ওপরই নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। হাথুরুসিংহে হয়তো সেই দৃষ্টিকোণ থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানের না থাকাকে হতাশাজনক বলে মানলেন না। তবে পরক্ষণেই আরেক প্রশ্নের জবাবে স্বীকার করে নিলেন, ‘সাকিবের মানের একজন খেলোয়াড়কে যেকোনো দলই মিস করবে। কিন্তু আমরা কী করতে পারি? এই বাস্তবতার মুখোমুখি আমাদের হতেই হবে। আমরা তাই এখন সামনের দিকেই তাকাচ্ছি।’
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ দলের সাম্প্রতিক ইতিহাস মোটেও সুখকর নয়। জানুয়ারির শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু, এরপর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ পর্যন্ত মুশফিকুর রহিমের দল কেবল ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেয়েছে। তবে পেছনে কী ঘটেছে সেদিকে না তাকিয়ে কোচ হতে চাচ্ছেন ভবিষ্যৎমুখী, ‘হার খেলারই অংশ এবং এসব এখন পেছনে পড়ে গেছে। আমরা চাইছি ভবিষ্যতের দিকে তাকাতে, নতুন একটা শুরু করতে।’ খেলোয়াড়েরা মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত বলেও মনে করেন শ্রীলঙ্কান এই কোচ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল বরাবরের মতো ফিটনেস ট্রেনিং দিয়ে। এরপর গত কিছুদিন ব্যাটি-বোলিং-ফিল্ডিংয়ের অনুশীলনও হয়েছে। এখন পর্যন্ত হওয়া এসব অনুশীলনে কোচকে সন্তুষ্টই মনে হলো, ‘আমরা মৌলিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দিচ্ছিলাম। সেগুলো যেন আরও ভালো হয়, খেলোয়াড়েরা যেন জিনিসগুলো ভালোভাবে বোঝে।’ ব্যাটসম্যান-বোলারদের প্রসঙ্গে আলাদাভাবে বললেন, ‘ব্যাটসম্যানরা বোঝার চেষ্টা করেছে কোন জায়গাতে তাদের আরও ভালো করতে হবে। ভিডিওতে উন্নতির জায়গাগুলো দেখেছে। বোলাররাও ব্যক্তিগত দক্ষতা বাড়াতে কাজ করেছে। স্টক বল, বলে বৈচিত্র্য আনা এসব নিয়ে কাজ করেছে। ঈদের পরের অনুশীলনে আমরা আরও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করব।’
কোচ যে পরিকল্পনা নিয়েই এগিয়ে যান না কেন টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর মোটেও সহজ উপলক্ষ নয়। হাথুরুসিংহেও এটাকে বড় এক চ্যালেঞ্জই মনে করছেন, ‘যে কারও জন্যই এটা বিরাট চ্যালেঞ্জ। আমি জানি যে আমরা জেতার মধ্যে নেই। কিন্তু এর থেকে বের হওয়ার একমাত্র উপায়ই হলো ওপরের দিকে ওঠা। পেছনে কী ঘটেছে সেগুলোতে আর ফেরা সম্ভব নয়। কাজেই আমি এখন চ্যালেঞ্জটার দিকেই তাকিয়ে। দেখি আগামী ৬-৭ মাসে আমাদের জন্য কী অপেক্ষা করছে।’
ঈদের আগে কালই ছিল শেষ অনুশীলন। প্রাথমিক দল নিয়েও শেষ অনুশীলন হয়ে গেল এদিন। ঈদের পর ২ আগস্ট থেকে অনুশীলন করবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য গতকাল চূড়ান্তভাবে ঘোষিত ১৫ সদস্যের দল। তার আগে দলের সঙ্গে যোগ দেবেন বোলিং কোচ হিথ স্ট্রিকও। এ ছাড়া নতুন স্পিন কোচ পিয়াল বিজেতুঙ্গেরও চলে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে।