‘বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না...’

দলের বিপদ বাড়িয়ে অযথা রানআউট হয়ে ফেরেন অধিনায়ক মুমিনুল হকছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল মানে শুধু খেলোয়াড়েরা। কথাটা ঠিক। আবার ভুলও।

জাতীয় দলের সঙ্গে থাকেন টিম ম্যানেজমেন্টও—প্রধান কোচসহ নানা বিভাগের কোচ। ম্যানেজারও দেখা যায় কদাচিৎ। টিম ডিরেক্টর নামেও একটি পদ আছে। খালেদ মাহমুদ এখন বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর।

যদিও ঢাকা টেস্টে তিনি জাতীয় দলের সঙ্গে নেই। জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে যাওয়ায় ড্রেসিংরুমে আপাতত থাকতে পারছেন না, বাইরে থেকে দলকে পরামর্শ দিতে হচ্ছে। অর্থাৎ টেস্টে প্রতিদিন দলের রণকৌশল কেমন হবে, তা খালেদ মাহমুদ থেকে কোচিং স্টাফের সবারই জানা।

যেহেতু ‘টিম মিটিং’ কিংবা ‘গেম প্ল্যান’ বলে একটা বিষয় আছে। খেলোয়াড়দের নিয়ে তা টিম ম্যানেজমেন্টই ঠিক করে থাকে—অন্তত সাধারণ ভাবনায় এটাই তো হয়।

সেটাই যদি হয়, তাহলে আজ ঢাকা টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র ও দিনের খেলা শেষে দুটি মন্তব্য পাশাপাশি রাখা যায়। ২৬ ওভারে ৭ উইকেটে ৭৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ফলোঅন এড়াতে চাই আরও ২৫ রান।

আজ বাংলাদেশের ব্যাটিং যাঁরা দেখেছেন, সবারই একটি বিষয়ে একমত হওয়ার কথা—ব্যাটিংটা আর যাই হোক, টেস্টসুলভ ছিল না। অস্থির, অধৈর্য—এই শব্দগুলোর পাশাপাশি অযথাই আগ্রাসী হয়ে বিপদ ডেকে আনা, এ কথাও খুব ভালোভাবে খাটে আজকের ব্যাটিংয়ের সঙ্গে।

স্রোতের প্রতিকূলে সুইপ খেলতে গিয়ে আউট হন মেহেদী হাসান
ছবি: শামসুল হক

কিন্তু দিনের খেলা শেষে একই দল থেকে ভেসে এল দুই রকম কথা! সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন এসে বললেন, ‘সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছি, তা কিন্তু না। যে যে শট পারে, সেটা খেলতে গিয়ে হয়তো বাস্তবায়িত হয়নি। এমন নয় যে সবাই অনেক বেশি আগ্রাসী খেলেছে।’ নাজমুল নিজের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দেন, ‘শুধু ডিফেন্স করে সারা দিন পার করা কঠিন। শট খেললে ওদের অ্যাটাকিং ফিল্ড সেটআপ ছড়িয়ে যেত। আমার মনে হয় না, কেউ অতিরিক্ত আগ্রাসী ছিল।’

এবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কথায় আসা যাক, ‘কেন এমন হলো, জানি না। অধৈর্য ব্যাপারটা ছিল, টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায়, সে রকম ব্যাটিং করিনি আমরা...হয়নি কেন, এত তাড়াহুড়ো কেন, সেটা জানি না, আমরা তো জানি যে আজ সারা দিন ব্যাটিং করার ছিল, কাল টেস্ট শেষ হবে। চারটা-সাড়ে চারটা সেশন হয়তোবা।’

জাতীয় দলে সাধারণত দুটি অংশ—খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট। খেলোয়াড়েরা থাকেন মাঠের ভেতরে, টিম ম্যানেজমেন্ট বাইরে। চাইলে এই ‘বাইরে’র অংশটা আরেকটু বাড়ানো যায়। হরহামেশাই বলা হয়, বাংলাদেশ জাতীয় দলের ‘দ্বাদশ খেলোয়াড়’ হচ্ছেন দেশের অগণিত সমর্থক। তাঁদের বাদ দিয়েই কথাটা বলা যায়—‘ভেতর’–এর সঙ্গে ‘বাহির’–এর কথার কোনো মিল নেই, অথচ এটা একটা দল, জাতীয় দল!

হ্যাঁ, খালেদ মাহমুদ ঢাকা টেস্টে জাতীয় দলের সঙ্গে নেই ঠিকই, কিন্তু ম্যাচ তো দেখছেন। এই ম্যাচ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ‘গেম প্ল্যান’ কিংবা অন্তত সলাপরামর্শ না করলে তিনি নিশ্চয়ই ‘আমরা তো জানি যে আজ সারা দিন ব্যাটিং করার ছিল’—এমন কথা বলতে পারতেন না। সেটাই যদি হয়, তাহলে বলতেই হয়, জাতীয় দলের ‘ভেতর’–‘বাহির’–এর অবস্থান দুই মেরুতে। সমর্থকেরা সম্ভবত এই দুই মেরুর মাঝে চিড়েচ্যাপ্টা হচ্ছেন ‘স্যান্ডউইচ’–এর মতো। আজ যেমন হতে হলো!

বাজে শট খেলে আউট হয়ে ফিরছেন মুশফিক
ছবি: শামসুল হক

পাকিস্তান আজ ৪ উইকেটে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর দিনের খেলার দেড় সেশন বাকি ছিল। প্রতিপক্ষের লক্ষ্যটা তখনই পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অলআউট করে ফলোঅনে ফেলে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামানো এবং কালকের দিনসহ মোটামুটি সাড়ে চার সেশনের মধ্যে জয় তুলে নেওয়া।

যেহেতু বৃষ্টিতে প্রায় দুই দিন ভেস্তে গেছে, তাই ম্যাচ জিততে এই ‘গেরিলা’ পরিকল্পনা ছাড়া পথও নেই। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ দলের পাল্টা পরিকল্পনা কী হওয়া উচিত? একজন সাধারণ ক্রিকেটপ্রেমীও উত্তরটা জানেন—ম্যাচ বাঁচাতে যতক্ষণ সম্ভব ব্যাট করা এবং প্রথম শর্তই হচ্ছে আজকের দিনটা ভালো অবস্থানে থেকে শেষ করা।

কিন্তু উত্তর জানা থাকা আর পরীক্ষায় তা ঠিকঠাক লিখে আসার মধ্যে পার্থক্যটা আকাশ–পাতাল। ৭ উইকেটে ৭৬ রানের স্কোরবোর্ড বলছে, ব্যাটসম্যানরা চতুর্থ দিনের ‘পরীক্ষা’য় বাইশ গজের উত্তরপত্রে ঠিকঠাক জবাব দিতে পারেননি।

সবচেয়ে দৃষ্টিকটু ব্যাপার—পরিস্থিতি যখন উইকেট কামড়ে থাকার দাবি করছে, ব্যাটসম্যানরা তখন যেন ক্রিজে দাঁড়াতেই চাচ্ছেন না! হুটহাট ডাউন দ্য উইকেট আসা, স্লগ সুইপ থেকে অযথাই সুইপ, বাইরের বল অযথাই খেলার চেষ্টা, অপ্রয়োজনীয় রান নেওয়ার তাড়না—এসব দেখে সংগীতশিল্পী ন্যান্সির ওই গানের চরণটা মনে পড়ে—‘বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না।’

বাইরের বল খেলতে গিয়ে আউট হন সাদমান
ছবি: শামসুল হক

কীভাবে? বুঝিয়ে বলা যায়, জাতীয় দলের ‘বাইরে’র অংশ (টিম ম্যানেজমেন্ট) থেকে ‘দ্বাদশ খেলোয়াড়’ দর্শকেরা পর্যন্ত ম্যাচের পরিস্থিতি দেখে যেখানে বুঝতে পারছেন—এর মধ্যে ব্যাটিংয়ে অস্থিরতা মানেই আত্মহত্যার শামিল। যত মারার বলই আসুক, লোভ সামলে ‘দূরে থাকা’ই (ছেড়ে দেওয়া কিংবা রক্ষণাত্নক খেলা) সময়োচিত। ওদিকে ‘ভেতর’ মাঠে নেমে ভালো বলও ডাউন দ্য উইকেট এসে ছক্কা মারার চেষ্টা করেছে, অর্থাৎ যা আসার ‘আসুক না’—সমস্যা কী!

আর সমস্যা যদি হয়ও আদতে সেটাই হলো—দিনের খেলা শেষে নাজমুল তো কথার ফেরিওয়ালা হয়ে উপশম দিয়েই গেলেন, ‘যে যে শট পারে, সেটা খেলতে গিয়ে হয়তো বাস্তবায়িত হয়নি।’ একদম খাঁটি কথা। শট খেলতে গিয়ে বাস্তবায়িত না হলে কী আর করা! সবকিছু কী আর খেলোয়াড়দের হাতের মধ্যে? ভাগ্যও লাগে। খালেদ মাহমুদ যেমন বলে গেলেন, উইকেট নেওয়ার মতো পেসার ‘যেদিন আল্লাহ দেয়।’

অথচ গুণীজনেরা বলেন ভাগ্য সাহসীদের সহায় হয়। টেস্ট ক্রিকেটে স্রোতের প্রতিকূলে উইকেট কামড়ে পড়ে থাকাটাই তো সবচেয়ে বড় সাহসের পরিচয়। চাইলে এই সময়ের ক্রিকেট থেকেও উদাহরণ টানা যায়। বেশি দিন আগের কথা নয়, মাত্র ছয় বছর আগে দিল্লিতে ভারতের বিপক্ষে ৪৮১ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ‘ব্লকাথন’ টেস্টের জন্ম দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

নিশ্চিত হার থেকে ম্যাচ বাঁচাতে ২৪৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন সে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলা। অন্য প্রান্তে সব সময়েরই অন্যতম সেরা স্ট্রোকমেকার এবি ডি ভিলিয়ার্স খেলেন ২৯৭ বলে ৪৩ রানের ইনিংস। ডি ভিলিয়ার্সের সেই স্বভাববিরুদ্ধ ইনিংসটির সমাপ্তি ঘটেছিল আজকের (দিল্লি টেস্টের শেষ দিন) দিনে।

স্পিনারদের ভালোভাবে সামলাতে পারেননি নাজমুল। বেশিক্ষণ টিকতে পারেননি তিনি
ছবি: শামসুল হক

নাজমুল, লিটন, মুশফিক নিশ্চয়ই ডি ভিলিয়ার্সের চেয়ে বড় স্ট্রোকমেকার নন, তবু ডি ভিলিয়ার্স কিংবা আমলা ঠুকঠুক করেই দিন পার করেছিলেন। যদিও (জাতীয় দল মানেই তো সেরা) দেশের সেরা ক্রিকেটারদের একজনের উপলব্ধি, ‘শুধু ডিফেন্স করে সারা দিন পার করা কঠিন।’ এখন কে ঠিক, কে ভুল, তা ঠিক করবে কে!

‘অমরত্ব’ পাওয়া সে দুটি ইনিংস ঢাকা টেস্টের একটি বিষয়ে প্রাসঙ্গিক। ম্যাচ বাঁচাতে ব্যাটিংয়ে নেমে খেলার ধরনটা কেমন হবে—তা নিয়ে প্রোটিয়া ম্যানেজমেন্টর পরিকল্পনা ছিল। ব্যাটসম্যানরা মাঠে নেমে সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। দক্ষিণ আফ্রিকা সে টেস্ট হারলেও দলের ভেতর–বাহির একসূত্রে গাঁথা ছিল—বাহির বলে দূরে (শট খেলা) থাকুক, ভেতরও বলে দূরে থাকুক (শট খেলা)।

এদিকে ঢাকায় আজ ১০.১ ওভারে মুমিনুলের রানআউট, মুশফিকের স্লগ সুইপ, মিরাজের সুইপ, মাহমুদুলের ডাউন দ্য উইকেট, সাদমানের বাইরের উঠে আসা বলে শট খেলা—‘দশে মিলে করি ‘‘আত্মহত্যা’”র এই নিদর্শনের পর টিম ম্যানেজমেন্ট থেকে কেউ যখন বলেন, ‘কেন এমন হলো, জানি না’, তখন মনে হয়, জাতীয় দলের ‘ভেতর’টা যদি হয় তেঁতুলিয়া, তাহলে ‘বাহির’ টেকনাফে!

মাঝে এই ৫৬ হাজার বর্গমাইল দূরত্বের অসহায় সাক্ষী সমর্থকেরা।