বাড়ল ম্যাচ ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারের মতো এবারও জাতীয় লিগ শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ডামাডোলের মধ্যেই। ১৯তম ওয়ালটন জাতীয় লিগ শুরু তিন দিন পরই, ১৫ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ দল এই সময় ব্যস্ত থাকবে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে।

এবারও জাতীয় লিগ হবে দুই স্তরে। প্রথম স্তরে গতবারের চ্যাম্পিয়ন খুলনার সঙ্গী ঢাকা বিভাগ, বরিশাল ও রংপুর। দ্বিতীয় স্তরে রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের সঙ্গী প্রথম স্তর থেকে অবনমিত ঢাকা মহানগর।

১০ হাজার টাকা বাড়িয়ে এবার জাতীয় লিগের ম্যাচ ফি করা হয়েছে ৩৫ হাজার। যাতায়াত ভাতা (টিএ) ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২৫০০। দৈনিক ভাতা (ডিএ) আগে ছিল ১০০০ টাকা। এখন সেটি ১৫০০। দুই স্তরের সব খেলোয়াড়ই পাবেন একই পারিশ্রমিক।

এবার ঢাকায় কোনো ম্যাচ নেই। সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ‘হোম’ ও ‘অ্যাওয়ে’ ভিত্তিতে খেলবে আটটি দল। ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়ে প্রশ্ন থাকে সব সময়ই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে তামিম ইকবাল যেমন প্রশ্ন করেছিলেন, ‘ঘরোয়া ক্রিকেটে এই ধরনের উইকেটে আমরা কতটা খেলি?’

উইকেটের বিষয়টি যে বিসিবি গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেটি বোঝা গেল ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কথায়, ‘ভালো উইকেট বানাতে হলে উইকেটকে বিশ্রাম দিতে হয়। এটা চিন্তা করে এবার ঢাকার বাইরে খেলা দিয়েছি। কদিন আগে কিউরেটরদের সঙ্গে সভা করে তাদের জানানো হয়েছে উইকেট কেমন হবে। চেষ্টা করব উইকেট যেন স্পোর্টিং হয়। যাতে বোলার-ব্যাটসম্যান দুই পক্ষই সুবিধা পায়।’