বায়ার্নকে আরও ‘বিরক্ত’ করবে সালজবুর্গ

বায়ার্নের বিপক্ষে ড্রয়ের পর সালজবুর্গের খেলোয়াড়েরাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ।

ম্যাচটা ঘরের মাঠে হলেও প্রতিপক্ষ এমন এক দল, চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে যাঁরা ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে অপরাজিত। ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

তাঁদের বিপক্ষে ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে না পারার দুঃখ প্রথমবারের মতো নকআউট ম্যাচ খেলার আনন্দ ছাপিয়ে যাবেই। শেষ ষোলো প্রথম লেগে বায়ার্নের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এমন অনুভূতিই জানালেন সালজবুর্গের খেলোয়াড়েরা।

ডিফেন্ডার আন্দ্রেয়াস উলমের বললেন, ‘গোলটা হজমের পর আর ভালো লাগেনি। তবে পেছন ফিরে তাকালে নিজেদের পারফরম্যান্স নিয়ে আমরা গর্ব করতে পারি।'

বদলি হয়ে নামা চিকুবুইকে আদামার গোলে ২১ মিনিটে এগিয়ে যায় সালজবুর্গ। এই গোল বায়ার্ন শোধ করেছে ৯০ মিনিটে, কিংসলে কোমানের সৌজন্যে। নইলে প্রায় সাড়ে চার বছর ধরে 'অ্যাওয়ে' ম্যাচে অপরাজিতযাত্রা থেমে যেত বায়ার্নের। তাতে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সালজবুর্গের প্রথম ম্যাচ ইতিহাসে অন্য মাত্রা পেত।

কিন্তু তা করতে না পারায় হারের সস্বাদ পাচ্ছেন সালজবুর্গ স্ট্রাইকার করিম আদেমি, ‘একদম শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ব্যবধানে ড্র করলে তা হারের মতোই লাগে। আমরা তারুণ্য ও ভরপুর প্রাণপ্রাচুর্য দিয়ে বায়ার্নকে বিরক্ত করতে চাই।’

বায়ার্ন তারকা টমাস মুলার অবশ্য ড্রয়ে সন্তুষ্ট, ‘বায়ার্নের ভক্ত না, এমন কেউ ম্যাচটা দেখলে বলবেন জয়টা সালজবুর্গের প্রাপ্য ছিল। কিন্তু আমার মতে ফলটা ন্যায্য। ম্যাচটা জিততে আমরা কতটা মরিয়া তা বুঝিয়েছি বিরতির পর। তবে প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা ফিরিয়ে আনা প্রয়োজন।’