বিকল্প ছিল না বলেই নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিহ্বল নাসিরকে মুশফিকের সান্ত্বনা। ছবি: প্রথম আলো
বিহ্বল নাসিরকে মুশফিকের সান্ত্বনা। ছবি: প্রথম আলো

অ​ধিনায়কের কাজটাই এমন। গত ম্যাচের কথা ধরুন। ​জীবনের প্রথম প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি খেলতে নামা জুবায়ের হোসেন প্রথম ওভারেই দিয়েছিলেন ১৭। সেই জুবায়েরকে ম্যাচের কঠিন এক পরিস্থিতিতে নিয়ে এলেন। আর এসেই জুবায়ের এক ওভারে তুলে নিলেন দুই ব্যাটসম্যানকে। মাশরাফি আজ শেষ ওভারটা দিয়েছিলেন নাসিরকে। প্রথম বলেই নাসির বিপজ্জনক হয়ে ওঠা ওয়ালারকে ফেরালেনও। কিন্তু বাজির দান ঘুরে গেল পরের চারটি বলেই।
জুবায়েরকে দিয়ে অমন একটা ওভার করানোয় মাশরাফির পিঠ কেউ চাপড়ে দেয়নি। কিন্তু আজ প্রশ্নটা উঠছে, এত গুরুত্বপূর্ণ একটা ওভার। সেটি নাসিরই কেন? সংবাদ সম্মেলনে প্রশ্নটা যে উঠবে, সেটা নিশ্চিতই ছিল। মাশরাফির উত্তর, আর কোনো বিকল্প হাতে ছিল না বলেই নাসির।
সাকিব না থাকায় শুধু একজন ব্যাটসম্যান নয়, দলের সেরা বোলারটিকেও পাচ্ছে না বাংলাদেশ। পঞ্চম বোলারের অভাব নাসির পূরণ করে যাচ্ছিলেন। কখনো মাহমুদউল্লাহও বল করেছেন। আজ অবশ্য মাশরাফি শুধু পাঁচ বোলারকেই ব্যবহার করেছেন। তা ছাড়া জয়ের জন্য পুঁজিটাও এত কম ছিল, জিম্বাবুয়ে যত চাপেই পড়ুক না কেন পর পর উইকেট হারিয়ে, জয়ের জন্য বল আর রানের সমীকরণটার দূরত্ব খুব একটা বাড়ছিল না। মাঝখানের একটা বাজে ওভার ম্যাচটাকে আগেও শেষ করে দিতে পারত।
অধিনায়ক তাই ম্যাচ শেষে বলছেন, ‘ওই সময় আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। হয়তোবা রিয়াদ ছিল। তবে নাসিরের ওপরই আস্থা রেখেছিলাম। নাসিরকে বলেছিলাম অন্য যেকোনো ওভারে যেমন বোলিং করে, সেভাবেই করতে। নির্ভার হয়ে বোলিং করতে। ও আসলে এই পরিস্থিতিতে বোলিং করতে অভ্যস্ত না। ওর জন্য এটা ছিল নতুন অভিজ্ঞতা। তাই চেয়েছিলাম যা-ই করুক নিজের মতো করে করুক।’

নাসিরকে আলাদা করে বিশেষ কোনো নির্দেশনাও দেননি। অভিজ্ঞতা থেকে জানেন, এমন পরিস্থিতিতে বোলারকে নির্ভার রাখলেই ভালো হয়। মাশরাফি বললেন, ‘নাসির জোরের ওপর বোলিং করছিল। পুরো বিষয়টাই ওর ওপর ছেড়ে দিয়েছিলাম। ওর যেভাবে মনে হয় সেভাবে বোলিং করলেই সফল হতে পারবে বলে মনে হয়েছিল। আমি বিশ্বাস করি নাসির ভালো বোলার।’
শেষ পর্যন্ত ভালো পুঁজি না পাওয়াটার আক্ষেপই অধিনায়ককে পোড়াচ্ছে, ‘এই উইকেটে ব্যাটিং করা অতটা সহজ ছিল না। কিন্তু তার মানে এই নয় যে এই উইকেটে ১৩৫ রান হবে। ১৫০ হলে ভালো সংগ্রহ হতো।’