গত কদিনের মতো কাল রোদের তেজটা ছিল না। মেঘের আনাগোনা, সঙ্গে বইছিল গা জুড়ানো বাতাস। সূর্যের তেজ কমলেও আল আমিন জুনিয়র ২২ গজে আলো ছড়িয়েছেন। ভিক্টোরিয়ার এই মিডল অর্ডার ব্যাটসম্যান প্রতিশ্রুতি দিচ্ছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগ রাঙিয়ে দেওয়ার।
আল আমিনের দলও পাচ্ছে ধারাবাহিক সাফল্য। কাল বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভিক্টোরিয়া। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন দুইয়ে।
লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন আল আমিন। কিন্তু সেদিন তাঁর মুখের হাসি কেড়ে নিয়েছিল তাইজুল ইসলামের ম্যাচ ‘টাই’ করা সেই ছক্কা। কাল অবশ্য এমন ঘটনার পুনরাবৃত্তি হয়নি। ৫৪ রানের পাশাপাশি তিনি অফস্পিনে নিয়েছেন ১ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে আল আমিন নিতে এলেন ম্যাচসেরার পুরস্কার।
তবে ম্যাচ শেষ করে না আসতে পারার অতৃপ্তি রয়ে গেছে তাঁর মধ্যে, ‘এমন আবহাওয়ায় ব্যাটিং-ফিল্ডিং করে মজা। ম্যাচ শেষ করে আসা উচিত ছিল আমার। তবুও যা হয়েছে খারাপ নয়। এবারের লিগ ভালো যাচ্ছে। চেষ্টা করব এটা ধরে রাখতে।’
২৬৪ রান তাড়া করতে নামা ভিক্টোরিয়ার ম্যাচ সহজ করে দিয়েছে মজিদ-মুমিনুলের দ্বিতীয় (৬২) ও মজিদ-আল আমিনের তৃতীয় উইকেট জুটি (৮১)। আর জয়ের তীরে দলকে পৌঁছে দিয়েছে নাদিফ চৌধুরী-ধীমান ঘোষের অবিচ্ছিন্ন ৬৪ রানের ষষ্ঠ উইকেট জুটি। আবদুল মজিদ করেছেন ৬৯ রান।
কলাবাগান একাডেমিও যে একেবারে সুযোগ পায়নি, তা নয়। ৪২ বলে ভিক্টোরিয়ার দরকার ছিল ৪১ রান। কৌশলী বোলিং আর আক্রমণাত্মক ফিল্ডিংয়ে ঘুরে দাঁড়াতে পারত কলাবাগান। কিন্তু কোনোটিই হয়নি। কয়েকটি ক্যাচও হাতছাড়া করেছে তারা। ম্যাচ শেষে কলাবাগানের মেহেদী হাসান মিরাজের কণ্ঠে আক্ষেপ, ‘ম্যাচটা জেতা উচিত ছিল। বোলিং-ফিল্ডিং ভালো হয়নি আমাদের।’
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি: ৫০ ওভারে ২৬৩/৬ (ইরফান ৮৮, মেহেদী ৫১, মাহমুদুল ৩১, নুরুজ্জামান ৩০; সোহরাওয়ার্দী ২/২০, আল আমিন ১/৫২, মুমিনুল ১/৯, কামরুল ১/৬১)।
ভিক্টোরিয়া: ৪৮.১ ওভারে ২৬৬/৫ (মজিদ ৬৯, আল আমিন ৫৪, মুমিনুল ৩৫, ধীমান ৩২*; জায়েদ ৩/৫৭, মাহমুদুল ১/৪৩, মেহেদী ১/৪৪)
ফল: ভিক্টোরিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: আল আমিন।