বিকেএসপিতে কত-না রঙ্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে মাঠে নামতে দেখেই লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটাররা ‘হো হো’ করে হেসে উঠলেন। টিপ্পনী, হাততালি চলল সমানে। কিন্তু যাঁকে উদ্দেশ করে এই রঙ্গ-তামাশা, সেই লাল-কালো পোশাকধারীর এসবে ভ্রুক্ষেপ নেই। তাঁর এই ‘কঠিন’ মানসিকতা দেখে এক ক্রিকেটারের মন্তব্য, ‘ভাই মেন্টালি অনেক স্ট্রং।’
বৃষ্টির কারণে কাল দুপুর ১২টার একটু আগে বাতিল হয়ে যাওয়া বিকেএসপির ম্যাচে আকর্ষণ বলতে ছিল আম্পায়ার-কিউরেটরদের নিয়ে খেলোয়াড়দের এমন রঙ্গ-তামাশাই। তবে সেটা শুধু রূপগঞ্জের খেলোয়াড়েরাই করেননি। ব্রাদার্সের অনেক খেলোয়াড়ের সুচালো মন্তব্য আর রসিকতাও ছিল বিনোদনদায়ী। রূপগঞ্জের খেলোয়াড়দের অট্টহাসির মতো সেসব আম্পায়ার-কিউরেটরদের কানে পৌঁছায়নি, এই যা!
বাতিল ম্যাচে দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে। তাতে আগেই সুপার লিগে উঠে যাওয়া রূপগঞ্জের কতটা ক্ষতি হলো, তা বোঝা যাবে আরও পরে। তবে মহামূল্যবান এই পয়েন্ট ব্রাদার্সকে বাঁচিয়ে দিল প্রথম বিভাগে নামার শঙ্কা থেকে। হয়তো সে কারণেই কাল বিকেলে ফেসবুকে দলের এক সিনিয়র ক্রিকেটারের স্ট্যাটাস, ‘রিলিফ...।’
কী এক অলৌকিক ক্ষমতাবলে বিকেএসপির কিউরেটর নুরুজ্জামান পরশুই বলে দিয়েছিলেন, রিজার্ভ ডেতেও রূপগঞ্জ-ব্রাদার্স ম্যাচটি হওয়া কঠিন। ‘পূর্বানুমান’-এর ওপর আস্থা থেকেই হয়তো কাল সকাল থেকে তাঁর কোনো পাত্তা নেই।
বৃষ্টি না হলেও উইকেটসহ ৩০ গজি বৃত্তটা ঢাকাই পড়ে থাকল সকাল থেকে। এসব সময়ে যাঁদের সবচেয়ে তৎপর থাকার কথা, দেখা নেই তাঁদেরও। রূপগঞ্জের একজনের রসিকতা, ‘কিউরেটর পালিয়ে বেড়াচ্ছে।’ এই প্রতিবেদকের ফোন পেয়ে অবশ্য কিউরেটর জানালেন, তিনি বিকেএসপির গেটের দিকে গেছেন। একটু পরই মাঠে আসবেন।
তবে অন্য মাঠকর্মীদের মাঠ থেকে যতটা সম্ভব দূরেই থাকার কথা। কাল সকালেই নাকি সিসিডিএমের এক কর্মকর্তার কাছ থেকে শীতল হুমকি শুনেছেন তাঁদের অনেকে, ‘খেলা হলে ডিমোশন, না হলে প্রমোশন। কোনটা চাও?’
সকাল ১০টার দিকে কিউরেটর সাহেব মাঠে এলেন। কয়েকজন মাঠকর্মী নিয়ে ভেজা উইকেটে রোলার চালিয়ে খেলা শুরু করতে নিজের চেষ্টাটা বোঝাতে লাগলেন। তাঁকে দেখেই রূপগঞ্জের খেলোয়াড়েরা হই হই করে ওঠেন। বিদ্রূপের তালি বাজান। যেন নাটকের কোনো কৌতুককর দৃশ্য।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে আধঘণ্টার মতো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এরপর কিউরেটরের ওসব ‘ঝাড়ফুঁকের’ পর সাড়ে ১১টায় এল প্রবল বৃষ্টির ‘আশীর্বাদ’। ২০-২৫ মিনিটের বৃষ্টির পরই উইকেট দেখে খেলা বাতিল করে দেন আম্পায়াররা। যদিও ম্যাচ শুরুর জন্য আরেকটু অপেক্ষার সময় তখনো হাতে ছিল।
বিকেএসপিতে কাল আসলে হয়েছে রং-তামাশা। ম্যাচের পরিণতি কী হতে যাচ্ছে, তা যে নুরুজ্জামানের মতো সবারই কমবেশি ‘জানা’ ছিল! দুই দলের খেলোয়াড়েরাই তাই সকাল থেকে ব্যস্ত হয়ে ওঠে গ্রুপ ছবি আর সেলফি তোলায়।
এর মধ্যে একটা চালাকি করলেন রূপগঞ্জের কোচ খালেদ মাসুদ। ম্যাচ বাতিল হওয়ার আগেই কয়েকজন খেলোয়াড়কে কিট ব্যাগসহ মাইক্রোবাসে তুলে দিয়ে এমন ভাব করতে লাগলেন, যেন সবাই ঢাকায় চলে গেছে। ব্রাদার্সের এক সিনিয়র ক্রিকেটার চালাকিটা ধরতে পেরে দুষ্টুমি শুরু করলেন, ‘ওদের পাঠাইছেন তো বিকেএসপির হোস্টেলে। ভাবছেন, আমরা ওয়াকওভারের আশায় খেলতে নামব, আর আপনি প্লেয়ারদের হুট করে হোস্টেল থেকে নিয়ে আসবেন। এত সহজ না।’
স্মরণকালের সবচেয়ে বিতর্কিত প্রিমিয়ার লিগে এই একটা ব্যাপার এখনো ঠিক আছে—খেলোয়াড়দের সম্পর্ক। ‘চুরি’ করে পাওয়া পয়েন্ট নিয়ে ক্লাব কর্মকর্তারা যখন নির্লজ্জের মতো বগল বাজাতে থাকেন, তখনো প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা একসঙ্গে বসে আফসোস করেন—আরও একটা ম্যাচ খেলতে পারলাম না!