বিকেএসপিতে ছয়ের বৃষ্টি

বিতর্ক ঘিরে ধরেছে প্রিমিয়ার ক্রিকেট লিগকে। লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমানের কথার ঝাঁজে উত্তপ্ত হয়ে আছে ক্রিকেটাঙ্গন। কাল তারই জেরে বিকেএসপিতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গেল। তবে বাইরের এসব ঘটনা প্রভাব ফেলেনি মাঠে। বিকেএসপিতেই প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা সোয়া ৬ শ রানের ম্যাচে মোহামেডানের কাছে ১২ রানে হেরে গেছে রূপগঞ্জ। রূপগঞ্জের টানা চতুর্থ হার রং লাগাল পঞ্চম জয় পাওয়া মোহামেডানের সুপার লিগে খেলার স্বপ্নে। এদিকে সুপার লিগ নিশ্চিতই করে ফেলেছে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক। কাল মিরপুরে পারটেক্সকে হারিয়ে টানা অষ্টম জয় পেয়েছে ব্যাংক। সুপার লিগ দেখছে ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডিকে ১০০ রানে হারানো প্রাইম দোলেশ্বরও। নবম ম্যাচে ষষ্ঠ জয় পেয়েছে বুড়িগঙ্গার ওপারের দলটি।
বিকেএসপিতে টান টান উত্তেজনার ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩১৩ রান তোলে মোহামেডান। ৩১৪ রানের লক্ষ্যে ছোটা রূপগঞ্জ যেতে পারে ৩০১ পর্যন্ত। ৬২৪ রানের এই ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা মিলে ২৭টি ছক্কা মেরেছেন। মোহামেডানের ইনিংসে ছক্কা ছিল ১৭টি, যার ১০টিই ওপেনার এজাজ আহমেদের। জাতীয় লিগে সিলেটের হয়ে খেলা এজাজ ১৩৯ বলে করেছেন লিস্ট ‘এ’ ক্যারিয়ার-সর্বোচ্চ ১৩৬ রান। গত মৌসুমে মোহামেডানের হয়ে প্রথম সেঞ্চুরিতেও (বিপক্ষ কলাবাগান কেসি) ৬টি ছক্কা মারা ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান কাল চার মেরেছেন ৭টি। দ্বিতীয় উইকেটে এজাজের সঙ্গে ১৬৭ রানের জুটি গড়া মোহাম্মদ মিঠুনের ৭০ বলের ইনিংসটি সাজানো ৬ চার ও ২ ছক্কায়। ২টি ছয় মেরেছেন ১৭ বলে ২৫ রান করা আরিফুল হক, ২২ বলে ৩৯ রানের ইনিংসে ৩টি ছয় জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সলোমন মায়ারের। শেষ ১০ ওভারে ৯৫ রান তুলেছে মোহামেডান।
দুর্দান্ত শুরু করেছিল রূপগঞ্জও। ৪.৩ ওভারেই দলকে ৪২ রান এনে দেয় জহুরুল ও জুনায়েদের উদ্বোধনী জুটি। জহুরুলের বিদায়ের পর সাকিব আল হাসান ক্রিজে এলে আরও গতি পায় রূপগঞ্জের ইনিংস। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৯ রান করে আউট হন সাকিব, ১৬তম ওভারে বাঁহাতি স্পিনার অমিত কুমারকে টানা তিনটি ছক্কা মেরে চতুর্থ বলে ক্যাচ দেন তানভীর হায়দারকে। ১১১ রানে সাকিবকে ফেরানোর চার বলের মধ্যেই ডাচ ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটকে শূন্যতে ফিরিয়েই ম্যাচটাকে হাতে তুলে নেয় মোহামেডান। রূপগঞ্জের রানের প্রধান জোগানদার জুনায়েদ (৯১ বলে ৯১, ৬ চার ও ৪ ছয়) এবং আট নম্বর ব্যাটসম্যান শরীফউল্লাহ (৬৯ বলে ৭২)।
মিরপুরে দুপুরে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার, আর সন্ধ্যায় ঘোষিত বিশ্বকাপের প্রাথমিক দলেই দেখা গেল তাঁর নাম। লিস্ট ‘এ’ ম্যাচে এটাই প্রথম সেঞ্চুরি গত ১ ডিসেম্বর ওয়ানডেতে অভিষিক্ত সৌম্যর। রানআউট হওয়ার আগে বাঁহাতি ওপেনার ১৪৭ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে করেছেন ১২৭ রান। প্রাইম ব্যাংকের ২৫১ রানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান শুভাগত হোমের। ৪২ ওভারে পারটেক্স অলআউট ১১৭ রানে।
ফতুল্লায় দুই স্পিনার সানজামুল ইসলাম (৫/৩০) ও ইলিয়াস সানির (৪/৩২) বোলিংয়ে শেখ জামাল ধানমন্ডিকে ১৩০ রানে অলআউট করে ১০০ রানে জিতেছে প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি
মোহামেডান: ৫০ ওভারে ৩১৩/৭ (এজাজ ১৩৬, মিঠুন ৭০, মায়ার ৩৯, তানভীর ২৯, আরিফুল ২৫; ডেসকাট ২/৫৩, সাকিব ২/৬১)। রূপগঞ্জ: ৫০ ওভারে ৩০১/৯ (জুনায়েদ ৯১, শরীফউল্লাহ ৭২, সাকিব ৪৯, ফয়সাল ৩২; অমিত ৩/৬৩, মাশরাফি ২/৫৯)।
ফল: মোহামেডান ১২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এজাজ আহমেদ।
প্রাইম ব্যাংক-পারটেক্স, মিরপুর
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৫১/৮ (সৌম্য ১২৭, শুভাগত ৩০, সৈকত ২৬, মাহমুদউল্লাহ ২৫; মাসুম ৪/২৩, আজিম ২/৫৯)। পারটেক্স: ৪২ ওভারে ১১৭ (রেজাউল ২৪, আল মামুন ২৩, মেহরাব জু. ২১; তাসকিন ৪/১৬, শুভাগত ৩/১১, এনামুল জু. ২/২৬)।
ফল: প্রাইম ব্যাংক ১৩৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।শেখ জামাল-প্রাইম দোলেশ্বর, ফতুল্লা
দোলেশ্বর: ৫০ ওভারে ২৩০/৮ (আসিফ ৫৫, ম্যালান ৪৯, মুশফিক ৩৩, সুমন ২৭; রুবাইয়াত ৪/৫০, নাহিদুল ২/২৬)। শেখ জামাল: ৩৭.১ ওভারে ১৩০ (মাইশুকুর ২৩, তুষার ২৩, আরাফাত সানি ২৩*; সানজামুল ৫/৩০, ইলিয়াস সানি ৪/৩২)।
ফল: দোলেশ্বর ১০০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সানজামুল ইসলাম।