বিকেএসপিতে জিয়া-ঝড়!

জিয়াউর রহমানের ঝড় দেখতে দর্শকদের কত আগ্রহ! দর্শকদের চাওয়া ও পেসার রুবেল হোসেনের চোটের কারণে গত এপ্রিলে ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপে আকস্মিকভাবে দলে সুযোগ পেয়েছিলেন জিয়া। তারপর কোথায় যেন হারিয়ে গেলেন এই অলরাউন্ডার। আজ বিকেএসপি-২ মাঠে আবারও দেখা গেল জিয়া-ঝড়! জিয়ার ঝোড়ো ইনিংস ও ইমরুল কায়েসের সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে জমজমাট এক লড়াইয়ে খুলনা পেয়েছে ৬ উইকেটের জয়।
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে চার ম্যাচের ফল এসেছে তিনটিতেই। বরিশালের বিপক্ষে খুলনা তো বটেই চট্টগ্রামের বিপক্ষে রাজশাহী ৯ উইকেটে, ঢাকা মহানগরের বিপক্ষে ঢাকা বিভাগের ইনিংস ও ২৪ রানে। ড্র হয়েছে কেবল রংপুর-সিলেটের ম্যাচটি।
বিকেএসপিতে বরিশাল ওপেনার শাহরিয়ার নফিসের ডাবল সেঞ্চুরিটা ম্লান হলো দলের পরাজয়ে। আগের দিনের ৪ উইকেটে ৩৪৩ রানের সঙ্গে আজ অবশিষ্ট ৬ উইকেটে ৫৯ রান যোগ করে অলআউট বরিশাল। চতুর্থ ইনিংসে শেষ দিনে খুলনার লক্ষ্য দাঁড়ায় ২৮৪ রান। লক্ষ্যটা পেরোনো একটু কঠিনই। এর মধ্যে আবার ৭২ রান তুলতেই খুলনা উইকেট হারিয়ে ফেলল ৩টি। এর পরই চমক দেখালেন ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও জিয়াউর রহমান। ইমরুল-মিঠুনের চতুর্থ উইকেট জুটিতে এল ২২ ওভারে ৯৩ রান। সোহাগ গাজীর বলে ৪৬ রানে মিঠুন ফিরলে খেলা জমে ওঠে এর পরই। পঞ্চম উইকেটে রীতিমতো তাণ্ডব শুরু করেন ইমরুল-জিয়া। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে আসে ৬১ বলে ১২২ রান। ইমরুল অপরাজিত ছিলেন ১২৭ রানে আর জিয়া ৩১ বলে অপরাজিত ৬৫! ম্যাচসেরা দুই ইনিংসেই সেঞ্চুরিয়ান ইমরুল।
সব ম্যাচেই ব্যাটসম্যানদের দাপট ছিল লক্ষণীয়। কিছুটা ব্যতিক্রম বলতে হবে ফতুল্লায় ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের ম্যাচটি। ঢাকা বিভাগের প্রথম ইনিংসে উঠল ৫২৫ রান, বিপরীতে ঢাকা মহানগর অলআউট ৯০ রানে! ফলো অনে পড়া ঢাকা মহানগরই আবার দ্বিতীয় ইনিংসে করল ৪১১ রান। প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট হওয়ার পরই একপ্রকার ম্যাচ থেকে ছিটকে পড়ে মহানগর। এক শর নিচে অলআউট হওয়ার পেছনে যতটা না উইকেট, তার চেয়ে বেশি দায়ী মহানগরের ব্যাটসম্যানরাই। তৃতীয় দিনেই পরাজয়ের প্রান্তে চলে গিয়েছিল মহানগর। আগের দিনের ৮ উইকেটে ৩৭৩ রানের সঙ্গে আজ ৩৮ রান যোগ করে অলআউট হয়েছে মার্শাল আইয়ুবের দল। দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের জুবায়ের পেয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। ম্যাচসেরা ডাবল সেঞ্চুরিয়ান মজিদ।
মিরপুরে রাজশাহীর বিপক্ষে আগের দিনের ৫ উইকেটে ১৯৫ রানের সঙ্গে আজ ১০৩ রান যোগ করে চট্টগ্রাম অলআউট ২৯৮ রানে। ফরহাদ রেজার দলের লক্ষ্য দাঁড়ায় ৯৭ রান। রাজশাহীর পক্ষে মুক্তার আলী পেয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। সহজ লক্ষ্যটা ১ উইকেটে অনায়সেই পেরিয়ে যায় রাজশাহী। ম্যাচসেরা মুক্তার।
বিকেএসপি-৩ মাঠে রংপুরের বিপক্ষে ৪০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে একটা চেষ্টা চালিয়েছিল সিলেট। ৫ ফিফটিতে ৬ উইকেটে ৩২৬ রান তুলে ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় অলক কাপালির দলকে। সিলেটের পক্ষে অর্ধশত করেছেন রাহাতুল ফেরদৌস, রাজিন সালেহ, অলক ও নাজমুল হোসেন মিলন। সর্বোচ্চ ৬১ রান এসেছে নাজমুলের ব্যাট থেকে। ম্যাচসেরা রংপুরের সেঞ্চুরিয়ান লিটন দাস।