বিকেএসপিতে তামিম-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচটা খেলেননি, হেরেছে তাঁর দল মোহামেডান। কিন্তু কাল তামিম ফিরলেন একেবারে তামিমের মতো। বিকেএসপিতে মোহামেডান অধিনায়কের ঝড় তোলা সেঞ্চুরিতে লন্ডভন্ড হয়ে গেল কলাবাগানও l শামসুল হক
নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচটা খেলেননি, হেরেছে তাঁর দল মোহামেডান। কিন্তু কাল তামিম ফিরলেন একেবারে তামিমের মতো। বিকেএসপিতে মোহামেডান অধিনায়কের ঝড় তোলা সেঞ্চুরিতে লন্ডভন্ড হয়ে গেল কলাবাগানও l শামসুল হক

বৈশাখের খরদুপুরে বিকেএসপিতে কাল যেন একটা কালবৈশাখী উঠল। সেই ঝড় তামিম ইকবালের ব্যাটে! তাতে লন্ডভন্ড কলাবাগান পরে দারুণ ব্যাটিং করেও মোহামেডানের বিপক্ষে পরাজয় এড়াতে পারেনি। ৩০৭ রান তাড়া করতে গিয়ে হেরেছে ২৪ রানে।
স্বরূপে দেখা দিতে একটু সময় নিয়েছেন তামিম। নবম ওভারে সানজিত সাহাকে ছক্কা মেরে প্রথম আড়মোড়া ভাঙেন। এর আগে ২২ বল খেলে তামিমের রান ছিল ৭। ৬১ বলে ফিফটি পাওয়া তামিম যতই সামনে এগিয়েছেন, কলাবাগান বোলারদের ভোগান্তি ততই বেড়েছে। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে লেগেছে আর ৪১ বল। তিন অঙ্ক ছোঁয়ার পরই মাংসপেশিতে টান লাগে তাঁর। কোনোভাবে পা টেনে নেওয়া তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ের চূড়ান্ত প্রদর্শনী দেখা গেছে এর পরই। সেঞ্চুরির আগে ১৩ চারের সঙ্গে যে দুটি ছক্কা মেরেছেন, তার একটিতে বল হারিয়েছে! সেঞ্চুরির পর ৫ চার ও ৫ ছক্কায় ২৩ বলে করেছেন ৫৭ রান। ৩৯তম ওভারে আবুল হাসানের বলে লং অফ দিয়ে উড়িয়ে মারা ছক্কায় একটি টিভি চ্যানেলের গাড়ির উইন্ডশিল্ডই ভেঙে গেছে!
তামিমের হাতে সবচেয়ে বেশি মার খেয়েছেন কলাবাগানের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১৮টি চারের দুটি তাঁর বলে। তবে সাতটি ছক্কার তিনটিই মেরেছেন আশরাফুলকে। সানজিতকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে এক্সট্রা কাভারে মুক্তার আলীর ক্যাচ হওয়ার আগে পেয়ে গেছেন লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর সর্বোচ্চ ইনিংসটা (১২৫ বলে ১৫৭)। মোহামেডানের ইনিংসটা এতটাই তামিমময় যে, বাকিরা রীতিমতো অদৃশ্য।
৩০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কলাবাগান ভালোই জবাব দিয়েছে। একটা সময় দলকে আশা দেখাচ্ছিলেন আশরাফুল। তবে রহমত শাহকে কাট করতে গিয়ে পয়েন্টে নাজমুলকে ক্যাচ দিয়ে শেষ তাঁর ৪৯ বলে ৪৬ রানের ইনিংস। পরে মোহামেডানকে একটু দুশ্চিন্তায় ফেলেছিল তৃতীয় উইকেটে হ্যামিল্টন মাসাকাদজা-তুষার ইমরানের ৯২ রানের জুটি। মিরাজের শিকার হয়ে তুষার (৬৪) আর বিতর্কিত এক রানআউটে (৬৮) মাসাকাদজা আউট হলে কলাবাগানের জয়ের আশা ওখানেই শেষ হয়ে যায়।
সবাই যখন তামিমের ইনিংসে ডুবে আছে, পাশের মাঠে আলো ছড়াচ্ছিলেন প্রাইম ব্যাংকের আল আমিন। কাকতালীয়ভাবে, দুই মাঠেই প্রথমে ব্যাট করা দুই দল করেছে সমান রান—কলাবাগানের বিপক্ষে মোহামেডানের রান ৩০৭, খেলাঘরের বিপক্ষে প্রাইম ব্যাংকেরও তা-ই।
দুই দলের ইনিংসেই একটি সেঞ্চুরি। তামিমের মতো চার-ছক্কার বৃষ্টি না হলেও আল আমিনের ব্যাটিংয়েও ছিল মুগ্ধতা-জাগানিয়া। কে জানে, তামিমের মতো ওপেন করতে নামলে তিনিও হয়তো বড় স্কোরই গড়তেন। স্ট্রাইক রেটে তো খুব বেশি পিছিয়ে নেই। পাঁচে নেমে ১১২.৭৬ স্ট্রাইক রেটে অপরাজিত ১০৬। ম্যাচ শেষে বললেন, ‘গতবার ভালো খেলেছিলাম। অনেকে বলে, এক বছর ভালো অনেকেই খেলে। চাই না, আমাকে নিয়েও এমনটা কেউ বলুক।’
আল আমিনের দলও সহজেই জিতেছে। ৪৭.১ ওভারে ২৪৮ রানেই অলআউট হয়ে খেলাঘর হেরেছে ৫৯ রানে।