বিকেএসপিতে শামীমের তাণ্ডব

দারুণ এক ইনিংসের পর শামীম হোসেনছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ইনিংসের ৪৩তম ওভার চলছে। সিটি ক্লাবের আমিনুর রহমানের বলে থার্ড ম্যান দিয়ে চার মেরেই ব্যাট তুললেন আবাহনীর শামীম হোসেন। তাতেই এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম অর্ধশতকের দেখা পেয়ে গেলেন এই বাঁহাতি, মাত্র ৪১ বলে।

তখন কে বুঝেছিলেন, তাণ্ডবের এখনো অনেক বাকি আছে? কারণ, পরের ২২ বলে আরও ৫০ রান যোগ করে ৬৩ বল খেলে শতকের দেখা পেয়েছেন শামীম। তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতক এটাই। অর্ধশতকের মতো শতকও এসেছে আমিনুরের বলে। ৪৯তম ওভারে ওয়াইড লং অনে বল ঠেলে দৌড়ে এক রান নিয়ে তিন অঙ্কে পৌঁছে যান জাতীয় দল থেকে বাদ পড়া এই তরুণ।

বিকেএসপির ৩ নম্বর মাঠে শামীমের বিস্ফোরক ব্যাটিংয়ে আবাহনী ৫০ ওভার শেষে ৫ উইকেটে তুলেছে ৩০৯ রান।

শতকের পর শামীম
ছবি: বিসিবি

৬৬ বলে ১০৮ রান করে অপরাজিত ছিলেন শামীম। যে ঝড়ো ইনিংসে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কার মার।

শামীমের বেধড়ক পিটুনি নন স্ট্রাইক প্রান্ত থেকে দেখেছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। তাঁর ব্যাট থেকে এসেছে ৬৫ রান। শামীমের ঝড় না দেখা গেলে হয়তো জাকেরের ৫৯ বলে খেলা অপরাজিত ইনিংসটাই সব আলো কেড়ে নিত। দুজন মিলে গড়েছেন ১৭১ রান দুর্দান্ত এক জুটি।

ব্যাট করছেন শামীম
ছবি: বিসিবি

পাশের মাঠেই শতকের দেখা পেয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসান। প্রাইম ব্যাংকের বিপক্ষে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রূপগঞ্জকে টেনে তুলেছেন রকিবুল ও নাঈম হাসান। পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে ২০০ রান যোগ করেন। রাকিবুল ১২৫ বল খেলে ১২১ রান করেছেন। এটি তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সপ্তম শতক।

শামীম ও জাকের আলী
ছবি: বিসিবি

তিন অঙ্ক স্পর্শ করার সুযোগ ছিল নাঈমেরও। কিন্তু ১০৯ বল খেলে ৯১ রানে আউট হন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৬৫ রান করে রূপগঞ্জ।

দিনের আরেক ম্যাচে বড় রান করার সুযোগ হাতছাড়া করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের আল আমিন জুনিয়র। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলাঘরের বিপক্ষে ৯৩ বল খেলে ৬১ রান করে আউট হন তিনি। শেষের দিকে ৬৯ বল খেলে ৫৪ করেন ভারতীয় গুরিন্দার সিং। দুজনের জোড়া অর্ধশতকে গাজী ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৪৬ রান করতে সক্ষম হয়।