বিকেএসপিতে সাকিবের ঘূর্ণিজাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান, ঘরোয়া ক্রিকেটেও বোলিংয়ে জাদু। ফাইল ছবি
সাকিব আল হাসান, ঘরোয়া ক্রিকেটেও বোলিংয়ে জাদু। ফাইল ছবি

সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে হতভম্ব মেহেদী মারুফ! আবাহনীর বাঁহাতি স্পিনারের দুর্দান্ত বলটা বুঝতেই পারেননি প্রাইম ব্যাংকের ওপেনার। প্রিমিয়ার ক্রিকেট লিগে বিকেএসপিতে আজ দেখা গেল সাকিবের ঘূর্ণিজাদু।

গাজী গ্রুপ-ব্রাদার্সের ম্যাচের মতো আজও বিকেএসপির উইকেট হাত বাড়িয়ে দিয়েছে স্পিনারদের দিকে। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন আবাহনীর স্পিনাররা। বিশেষ করে সাকিব ও সাকলাইন সজীব। স্পিনারদের অসাধারণ বোলিংয়ে প্রাইম ব্যাংক এগোতে পারেনি খুব একটা স্বচ্ছন্দে। ৯ উইকেটে তাদের রান ২৪০।

মারুফকে দিয়ে শুরু, সাকিব এরপর তুলে নিয়েছেন সাব্বির রহমান, উন্মুক্ত চাঁদ ও নাজমুল ইসলামের উইকেটও। ৭৯ রানে প্রাইম ব্যাংকের যে ৪ উইকেট পড়েছে, তার ৩টিই সাকিবের। লিস্ট ‌‌‘এ’-তে সাকিবের উইকেটসংখ্যা এখন ২৫৩, এর মধ্যে অবশ্য ২০৬টিই আন্তর্জাতিক ম্যাচে। এখান থেকেও বোঝা যায়, ঘরোয়া ক্রিকেটে সাকিব ততটা খেলেননি।

আজ দারুণ বোলিং করেছেন সাকলাইনও, ৩৭ রানে পেয়েছেন ৩ উইকেট।

স্কোরটা আরও বড় না হওয়ার পেছনে প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরাও কম দায়ী নন। সাব্বির, শুভাগত হোম, নাজমুল ও তাইবুর রহমান আউট হয়েছেন অহেতুক ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন নুরুল হাসান।

প্রাইম ব্যাংককে এখন অনুপ্রাণিত করতে পারে বিকেএসপিতে হওয়া সর্বশেষ ম্যাচটি। গাজী গ্রুপ ১৬৭ রান করেও জিতেছিল ব্রাদার্সের সঙ্গে। সেই দিক দিয়ে ২৪০ তো অনেক ভালো স্কোর।