বিকেএসপিতে হঠাৎ গন্ডগোল, খেলা বন্ধ

আবাহনীর খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ আর অভব্য আচরণের মুখে বন্ধ হয়ে গেছে বিকেএসপিতে অনুষ্ঠানরত প্রিমিয়ার লিগের আবাহনী ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচ।
একটি আবেদনে সাড়া না দেওয়ার পর আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল ও অন্য খেলোয়াড়দের অকথ্য গালিগালাজ, হুমকি-ধমকি ও সমর্থকগোষ্ঠীর সদস্যদের উচ্ছৃঙ্খল আচরণের মুখে খেলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেন আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদ।
ঘটনাটি দোলেশ্বর ইনিংসের ১৫.৪ ওভারের। সাকলাইন সজীবের বলে দোলেশ্বরের রকিবুল হাসানের বিপক্ষে স্টাম্পিংয়ের একটি জোরালো আবেদনে স্কয়ার লেগ আম্পায়ার তানভীর আহমেদ সাড়া দেননি। এরপর প্রতিবাদমুখর হয়ে ওঠেন আবাহনীর খেলোয়াড়েরা। অধিনায়ক তামিম প্রকাশ্যেই আম্পায়ারদের গালি দেন। সমর্থকগোষ্ঠীর সদস্যরাও এ সময় যোগ দেন খেলোয়াড়দের সঙ্গে। পরিস্থিতি খারাপের দিকে গেলে আম্পায়ার সোহেল ও তানভীর ম্যাচ রেফারি মন্টু দত্তের সঙ্গে কথা বলে মাঠ ছেড়ে বেরিয়ে যান।
এই প্রতিবেদন লেখার সময় খেলা বন্ধ ছিল।