বিকেএসপিতে 'বোলার' তুষার ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুষার ইমরান।
তুষার ইমরান।

তুষার ইমরান ‘বোলার’ নাকি? এই প্রশ্ন উঠতেই পারে। এবারের প্রিমিয়ার লিগে কিন্তু নিজের বোলার সত্তাটাকে নতুন করেই জাগিয়ে তুলেছেন ‘ব্যাটসম্যান’ হিসেবে বেশি পরিচিত তুষার ইমরান। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৮ ম্যাচে তুলে নিয়েছেন ৭ উইকেট। আজ বিকেএসপি মাঠে তাঁর অসাধারণ বোলিংয়েই ১৬৭ রানে গুটিয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

টুকটাক বোলিং কিন্তু তুষার সব সময়ই করেন। আজকের ম্যাচের আগে তাঁর আছে ২২টি লিস্ট ‘এ’ উইকেট। এর মধ্যে একটি ২০০৬ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ওয়ানডেতে। প্রথম শ্রেণির ক্রিকেটেও আছে ২৮ উইকেট। তবে আজ গাজী গ্রুপের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেটই তাঁর ক্যারিয়ারের সেরা বোলিং নয়। এর আগে লিস্ট ‘এ’-র একটি ম্যাচে তিনি ৪ উইকেট নিয়েছিলেন ২৬ রানে।

তুষারের অফ স্পিনের পাশাপাশি ব্রাদার্সের বোলিংয়ের অস্ত্র ছিলেন ইফতেখার সাজ্জাদ। ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া আসিফ হাসান ও নাবিল সামাদ তুলে নিয়েছেন ১টি করে উইকেট।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক ও শামসুর রহমানের উদ্বোধনী জুটি তুলে ফেলেছিল ৭০ রান। তবে এর পরপরই লাগে মড়কটা। ২১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে তারা। আউট হওয়ার আগে এনামুলের সংগ্রহ ছিল ৪৬, শামসুরের ২৮।

ভয়াবহ বিপর্যয়ের মধ্যে গাজী গ্রুপের সম্মান পুনরুদ্ধার করেন ফারুক হোসেন, মোহাম্মদ শরীফ ও সালেহীন সাদ। ফারুকের ব্যাট থেকে এসেছে ২৯, শরীফের ২৬ আর সাদের ১৬। এই ত্রয়ীর কারণেই গাজী গ্রুপের রানটা শেষ পর্যন্ত দেড় শ পেরিয়েছে।