বিকেএসপির উইকেট ভেজা কেন?
>এই ম্যাচ থেকে একটি পয়েন্ট পেলেই ব্রাদার্সের প্রিমিয়ার লিগে টিকে থাকা নিশ্চিত হয়ে যাবে। প্রথম বিভাগে নেমে যাবে কলাবাগান একাডেমি ও সিসিএস।
কাল সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢুকতেই দেখা গেল, ব্রাদার্সের ওপেনার ইমরুল কায়েস বাসার দিকে রওনা হচ্ছেন। লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্সের ম্যাচটা কি তাহলে হচ্ছে না? প্রশ্নের উত্তর পাওয়া গেল কিছুক্ষণের মধ্যেই। ‘উইকেট ও আউটফিল্ড ভেজা থাকায়’ ম্যাচ স্থগিত ঘোষণা করা হলো দুপুর ১২টার দিকে। মজার ব্যাপার, ঠিক তখনই পাশের মাঠে শুরু হলো মেয়েদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আবাহনী-রূপালী ব্যাংকের ম্যাচ। ৩২ ওভারে নেমে আসা ম্যাচটি ঠিকঠাক শেষও হয়েছে। তাহলে পাশের ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগের রূপগঞ্জ-ব্রাদার্স ম্যাচটা কেন রিজার্ভ ডেতে গড়াল?
প্রশ্নটা রূপগঞ্জ কোচ খালেদ মাসুদেরও। যেটির উত্তরও দিয়ে দিলেন তিনিই। যেটি ব্যাখ্যা করলে এমন দাঁড়ায়—বাইলজ অনুযায়ী ম্যাচ আজ রিজার্ভ ডেতেও শেষ না হলে পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে। রূপগঞ্জের পয়েন্ট হবে ১৪ আর ব্রাদার্সের ৯। রূপগঞ্জের সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে শিরোপাদৌড়ে থাকতে পুরো পয়েন্টই আশা করছে তারা। ব্রাদার্সের জন্য ১ পয়েন্টও এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের ফল যা-ই হোক না কেন, শেষ তিন দলে থেকে রেলিগেশন লিগেই খেলতে হবে তাদের। তবে এই ম্যাচ থেকে একটি পয়েন্ট পেলেই তাদের প্রিমিয়ার লিগে টিকে থাকা নিশ্চিত হয়ে যাবে। প্রথম বিভাগে নেমে যাবে কলাবাগান একাডেমি ও সিসিএস। খালেদ মাসুদ তাই অন্য কিছুর গন্ধই পাচ্ছেন এখানে, ‘পাশের মাঠে খেলা হচ্ছে, অথচ এ মাঠে খেলা হলো না কেন? আপনারাও নিশ্চয়ই জানেন, এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে ব্রাদার্স রেলিগেশন থেকে বেঁচে যাবে। লিগ চলছে বলে বিস্তারিত বলতে পারছি না। সবই তো বুঝতে পারছেন।’
কিউরেটর নুরুজ্জামান নয়ন অবশ্য দাবি করলেন, পরশু দুপুরে প্রবল বৃষ্টি শুরু হলে দ্রুতই কাভার দিয়ে উইকেট ঢাকার কাজ শুরু হয়েছিল। কিন্তু বাতাসের তোড়ে কাভার উল্টে যাওয়ায় নাকি উইকেট ভিজে যায় বৃষ্টিতে। বর্ষা মৌসুমে বৃষ্টি-বাগড়া থাকবেই। বিকেএসপিতেই এবারের লিগের অনেক ম্যাচ বৃষ্টির বাধা জয় করে শেষ হয়েছে। কিন্তু রূপগঞ্জ-ব্রাদার্স ম্যাচের আগের দিনও কেন উইকেট বৃষ্টির হাত থেকে বাঁচানো গেল না?
বিকেএসপিতে মাঠকর্মী রয়েছেন ২৬ জন। পরশু তাঁদের ২১-২২ জনই নাকি ব্যস্ত ছিলেন পাশের মাঠের সেন্টার ও অনুশীলন উইকেট তৈরির কাজে। ৩ নম্বর মাঠে ছিলেন মাত্র ৪-৫ জন। এটাতেই সমস্যা হয়েছে বলে দাবি নুরুজ্জামানের, ‘অধিকাংশ মাঠকর্মীই ওই সময় ব্যস্ত ছিল পাশের মাঠে। ওখানে উইকেটের গর্ত-ফাটল ঠিক করতে হচ্ছিল। ৩ নম্বর মাঠের উইকেটে ঘাস ছিটানোর কাজ হচ্ছিল বলে লোকবল কম ছিল। বৃষ্টি ও বাতাসে তারা উইকেটে ঠিকভাবে কাভার দিতে পারেনি।’
পরদিন রিজার্ভ ডেতেও ম্যাচটা হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করলেন নুরুজ্জামান, ‘উইকেট এমনভাবে ভিজেছে, পুরোপুরি তৈরি হতে খুব ভালো রোদ থাকতে হবে। নইলে কালও (আজ) খেলা হওয়ার সম্ভাবনা কম।’
দুপুর বিকেলে গড়ানোর আগেই রোদ উঠলেও উইকেট কিন্তু তখনো ঢাকা ছিল কাভারে। ভেজা উইকেট তাহলে শুকাবে কীভাবে?