বিকেএসপির কোচ হয়ে এলেন টাইবু

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুপ্রথম আলো ফাইল ছবি

জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু এর আগে অনেকবারই এসেছেন বাংলাদেশে। কিন্তু এবার এলেন একেবারেই ভিন্ন ভূমিকায়। ২ আগস্ট ঢাকায় এসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি।

বিকেএসপির কোচ হওয়ার বিষয়টি আজ টাইবুই প্রথম আলোকে নিশ্চিত করেছেন। নতুন দায়িত্ব নিয়ে বেশ রোমাঞ্চিতই মনে হলো তাঁকে। ‘ক্রিকেটের খোঁজখবর যারা রাখে, সবাই জানে বাংলাদেশ এখন উন্নতির পথে আছে। ২০০৫ সাল থেকেই তারা উন্নতির পথে হাঁটছে। সম্প্রতি তারা যেভাবে অস্ট্রেলিয়াকে দুটি টি–টোয়েন্টিতে হারিয়ে দিল, এই দেশের ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে পারাটাও সম্মানের’—বলেছেন টাইবু।

আমি নিশ্চিত করতে চাই বিকেএসপি থেকে যারা জাতীয় দলে যাবে তারা যেন দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে।
টাটেন্ডা টাইবু

টাইবু জানেন, আজকের সাকিব আল হাসান–মুশফিকুর রহিমরা তাঁর নতুন কর্মস্থল বিকেএসপিরই সৃষ্টি। এখান থেকে উঠে আসছে আরো নতুন প্রতিভা। ভবিষ্যতেও যেন প্রক্রিয়াটা ঠিক থাকে, সেটা নিশ্চিত করতেই কাজ করবেন তিনি, ‘আমি নিশ্চিত করতে চাই বিকেএসপি থেকে যারা জাতীয় দলে যাবে তারা যেন দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে।’ টাইবু বর্তমানে বিকেএসপিতেই অবস্থান করছেন।

টাইবুর মতো একজনকে কোচ হিসেবে পেয়ে বিকেএসপি কর্তৃপক্ষও দারুণ খুশি। প্রতিষ্ঠানটির ক্রীড়া পরিচালক মাজহারুল হক আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, ‘টাটেন্ডা টাইবুকে আপাতত এক বছরের চুক্তিতে আনা হয়েছে। এক বছর পর পরিস্থিতি বুঝে চুক্তিটা আরো এক বছরের জন্য বাড়তেও পারে। তিনি মূলত ব্যাটিংয়ের দিকটাই দেখবেন।’

কেনিয়ার কলিন্স ওবুয়াকে রানআউট করছেন টাটেন্ডা টাইবু। ২০১১ সালে
ফাইল ছবি

বিকেএসপিতে টাইবুর আগে থেকেই হাই পারফরম্যান্স ক্রিকেট ম্যানেজার হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ডি কটাম। ক্রিকেট ছাড়াও সেখানে বিদেশি কোচ আছেন ফুটবল, আর্চারি ও হকি ডিসিপ্লিনে।

অ্যান্ডি কটামের শুধু প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও টাইবু জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ২৮টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে। ৩০.৩১ গড়ে টেস্টে তিনি রান করেছেন ১৫৪৬, ওয়ানডেতে রান ২৯.২৫ গড়ে ৩৩৯৩।

২০০৫ সালে টাইবুর নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ ও প্রথম টেস্ট সিরিজ জয়েরও স্বাদ পায় বাংলাদেশ দল। বাংলাদেশে জিম্বাবুয়ে দলের ওই সফরেই বাংলাদেশ জেতে প্রথম ওয়ানডে সিরিজও।

কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা ছাত্রছাত্রীদের বিকেএসপিতে নিয়ে আসব। তখন তিনিও কাজ শুরু করবেন।
মাজহারুল হক, বিকেএসপির ক্রীড়া পরিচালক

জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে টাইবু এরপর বাংলাদেশে এসেছেন আরও তিনবার। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও খেলেছেন তিনি। এবারের আসাটা কোচ হিসেবে হলেও বিকেএসপিতে এখনো কাজ শুরু করতে পারেননি টাইবু। করোনার কারণে সেখানে এখন ছাত্রছাত্রীই নেই।

টাইবু কবে থেকে কাজ শুরু করবেন, এ নিয়ে মাজহারুল হক বলছিলেন, ‘আমাদের আগেই কথা চূড়ান্ত হয়ে গিয়েছিল, সে জন্য চুক্তির সময়মতো তাঁকে নিয়ে আসা হয়েছে। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা ছাত্রছাত্রীদের বিকেএসপিতে নিয়ে আসব। তখন তিনিও কাজ শুরু করবেন।’