বিগ ব্যাশে খেলা হচ্ছে না গেইলের?
বিগ ব্যাশের মায়া বোধ হয় ত্যাগ করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলকে। মেলবোর্ন রেনেগেডস জানিয়ে দিয়েছে, আগামী মৌসুমে গেইল তাদের পরিকল্পনায় থাকছেন না। রেনেগেডসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি জানিয়েছেন, ‘খুব শিগগির আমরা বিদেশি খেলোয়াড়ের ব্যাপারে জানাব। তবে এটা নিশ্চিত যে গেইল আগামী মৌসুমে আমাদের পরিকল্পনায় থাকছেন না।’
গত পরশু ব্রিটিশ দৈনিক দ্য টাইমস গেইলের প্রকাশিতব্য আত্মজীবনী থেকে কিছু অংশ উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে। সিক্স মেশিন: আই ডোন্ট লাইক ক্রিকেট...আই লাভ ইট! নামের আত্মজীবনী গ্রন্থে নিজের বিভিন্ন ‘অশ্লীল’ মন্তব্যের কড়া সমালোচনাকারীদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। গেইল তোপ দেগেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল, ক্রিস রজার্স ও অ্যান্ড্রু ফ্লিনটফের দিকে। অতীতের কথা মনে করিয়ে খোঁচা দিয়েছেন চ্যাপেলকে, ‘ইয়ান চ্যাপেল, যিনি গ্রেপ্তার হয়েছিলেন এক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কর্মকর্তাকে ঘুষি মেরে।’
বছরের শুরুতে বিগ ব্যাশের ম্যাচে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিককে অভিসারের প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার শিকার হন গেইল। আত্মজীবনীতে তাঁর এ মন্তব্যগুলোকে ‘গুরুত্ব না দিয়ে’ দেখার পরামর্শ দিয়েছেন। ইঙ্গিতপূর্ণ এসব মন্তব্যে নারীর প্রতি অবমাননা প্রকাশ পায়নি বলেও দাবি গেইলের। সম্প্রতি ইংলিশ এক নারী সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারেও নতুন করে বিতর্ক তৈরি করেছেন তিনি।
এসব বিতর্কেই বিগ ব্যাশের মায়া ত্যাগ করতে হচ্ছে, দলগুলো যে তাঁকে পেতে আর আগ্রহ দেখাচ্ছে না। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।