বিগ ব্যাশে জয়ে শুরু সাকিবের

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশে’ শুরুটা ভালোই করলেন সাকিব আল হাসান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ২টি উইকেট। সবচেয়ে বড় কথা, সাকিবকে নিয়ে আজ হোবার্টকে ৩৭ রানে হারিয়েছে মেলবোর্ন।
৫ নম্বরে ব্যাট করতে নেমে ১২ বলে ১৪ রান করে আউট হন সাকিব। ২টি চারের মারে সাকিবের এই ইনিংসটি আরও ভালো হতে পারতো, তবে মেলবোর্নের হয়ে ব্যাটিংয়ের মূল দায়িত্বটা পালন করেছেন বেন স্টোকস। ব্যাট হাতে হোবার্টের বিপক্ষে হ্যারিকেন-ঝড়ই তুলেছিলেন তিনি। ৩৭ বল মোকাবিলায় তাঁর ৭৭ রানের ইনিংসটি মেলবোর্ন ইনিংসের মেরুদণ্ড হিসেবেই শেষতক প্রমাণিত হয়েছে।
বল হাতে সাকিবের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই খরচ করেন ৮ রান। ওভারপ্রতি ৮ রান করে খরচ করলেও তিনি চার ওভারের কোটা পূরণ করেন ২ উইকেট নিয়ে। হোবার্টের টিম ব্রেসনানকে তিনি বোল্ড করেন। তাঁর বলে পিটার সিডল ধরেন ক্যামেরন বয়েসের ক্যাচ।
প্রথমে ব্যাট করে মেলবোর্ন রেনেগেডস নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে তুলেছিল ১৬৩ রান। জবাব দিতে নেমে হোবার্টের ইনিংস শেষ হয় ১২৬ রানেই। সূত্র: স্টারস্পোর্টস।